নারীর ক্ষমতায়নে চাই নারীবান্ধব বাজেট
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২২:০৯
‘নারীর ক্ষমতায়নে বাজেট’ শীর্ষক প্রাক-বাজেট আলোচনায় আগামী অর্থবছরের বাজেটকে নারীবান্ধব করার আহ্বান জানানো হয়েছে। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সমুন্নয় এ আলোচনার আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমুন্নয়ের প্রদীপ কর্মসূচির দলনেতা ড. মাহফুজা কবির, কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংসদ সদস্য শিরিন আক্তার, কর্মজীবী নারীর ভারপ্রাপ্ত সভাপতি ও গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস’র জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. প্রতিমা পাল মজুমদার।
খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, নারীদের জন্য বাজেটে প্রশিক্ষণ, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং তা আনুপাতিক হারে বাড়াতে হবে। শিরিন আক্তার বলেন, বাজেটে নারীর অগ্রাধিকার নিশ্চিত করার জন্য নারীবান্ধব করতে হবে। বাজেটে বিধবাভাতা ও দুঃস্থ নারীদের ভাতা বাড়াতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিজি প্রকল্পের সমন্বয়ক দিলরুবা ইয়াসমিন চৌধুরী। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী নারীদের উন্নয়নের যে মূল স্রোতধারায় আনার ঘোষণা দেওয়া হয়েছে তাতে বাজেটে নারীর অগ্রাধিকার জরুরি হয়ে পড়েছে।
আলোচনায় বক্তারা নারীর স্বাস্থ্য, প্রজনন, শিশুর স্বাস্থ্য, মাতৃমৃত্যুর হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন। গ্রাম, জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা উন্নতি করার আহ্বান জানান।