দ্রাবিড়কে ভারতের কোচ বানানোর পরামর্শ গাভাস্কারের
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২২:২৪
সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার ভারতীয় ক্রিকেট দলের কোচ ডানকান ফ্লেচারকে অনতিবিলম্বে সরিয়ে দিয়ে রাহুল দ্রাবিড়কে তার স্থলাভিষিক্ত করার পরামর্শ দিয়েছেন।
গাভাস্কার সোমবার বলেন, ‘যেহেতু ফ্লেচারের সফলতা নিয়ে আমার সন্দেহ আছে তাই আমার দৃষ্টিতে দশের মধ্যে ১.৫ পেতে পারেন তিনি। আমি মনে করি তরুণ কাউকে ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া উচিত।’ গাভাস্কার এনডিটিভি’কে বলেন, ‘দ্রাবিড় এমন একজন ব্যক্তি যাকে সকল খেলোয়াড় অত্যন্ত শ্রদ্ধা করেন। এছাড়াও সে সফল একজন অধিনায়ক যে কিনা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছে। সে যখন কথা বলে ভারতীয় দলের অনেক মহাতারকাও তার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শোনে। কারণ তারা জানে ম্যাচের জন্য তাকে কিভাবে প্রস্তুত হতে হবে।’
ভারত ২০১১ বিশ্বকাপ জয়ের পর ফ্লেচার কোচ হিসেবে দায়িত্ব নিলেও তার অধীনে ভারতীয় দলের পারফরমেন্স দিনকে দিন খারাপ হওয়ায় ফ্লেচারের কঠোর সমালোচনা করেন তিনি। দ্রাবিড় প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বর্তমান ক্রিকেটের সঙ্গে সংস্পর্শ থাকা কাউকে কোচ করতে হবে এবং দলকে এগিয়ে নিতে হবে। বিরেন্দার শেবাগ, গৌতম গম্ভীর, হরভজন সিং-এর মত তারকা খেলোয়াড়রা যদি ফর্মের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারে তবে খারাপ পারফরমেন্সের কারণে সাপোর্টিং স্টাফরা কেন বাদ পড়বে না। তিনি আরো বলেন, ‘গ্যারি কার্স্টেন অথবা জন রাইটের সমকক্ষ ফ্লেচার কখনোই হতে পারবে না। তাদের দু’জনেরই আন্তর্জাতিক ক্রিকেটে অর্জন ছিল।’
গত তিন চার বছর আগে অবসর নিয়েছেন এমন কাউকে নিয়োগ দেয়া হলে ধুকতে থাকা ভারতীয় দলটি আবার চাঙ্গা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। কেননা বর্তমান দলের অনেক খেলোয়াড়ই তার সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করেছে।-বাসস