কালীগঞ্জে শীতলক্ষ্যায় প্রাণের শ্রমিকবাহী ট্রলার ডুবি

ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া সংলগ্ন শীতলক্ষ্যা নদীর জামালপুর গুদারাঘাটে মঙ্গলবার ভোরে প্রাণ ফ্যাক্টরির শ্রমিকবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় লিমন (২০) নামে একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন দুইজন, আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। ঘটনার প্রত্যক্ষদর্শী গুদারাঘাটের ব্যবসায়ী শামীম জানান, ভোর ছয়টার দিকে প্রাণে কর্মরত শ্রমিকরা তাড়াহুড়া করে ট্রলারে উঠতে গেলে ট্রলারটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৫০ জনের বেশি শ্রমিক ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অর্ধশত শ্রমিক সাঁতরে তীরে আসতে সক্ষম হন। কিন্তু তাড়াহুড়া করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। প্রাথমিক চিকিত্সা নিয়ে তারা বাড়ি চলে যান। ঘটনার পর হাজার হাজার মানুষ তাদের স্বজনদের খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধার কাজের ধীর গতি দেখে জনতা ক্ষিপ্ত হয়ে প্রাণ কর্তৃপক্ষের ওপর হামলা চালায়। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল আহ্সান তালুকদারের নেতৃত্বে জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলমের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে বেলা সাড়ে ১১টায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি দল দুইজন ডুবরিসহ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ডুবরিরা উদ্ধার অভিযান শুরুর ১৫ মিনিটের মধ্যে আনুমানিক বেলা ১২টায় নিহত লিমনের লাশ উদ্ধার করে। একপর্যায়ে নিখোঁজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিলেও পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে নিখোঁজের সংখ্যা কমে যায়। প্রাণ ইন্ডস্ট্রিয়াল পার্কের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো.ফজলে রাব্বির দাবি করেছেন, শুধু একজন ব্যতীত সকল শ্রমিক কারখানায় উপস্থিত রয়েছেন।