কুমিল্লায় মোবাইল ফোনের প্রেমিকের প্রতারণা কিশোরীর আত্মহনন

কুমিল্লায় মোবাইল ফোনের প্রেমের বলি হয়েছে কিশোরী মনি আক্তার পিংকি। মোবাইল বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর পর প্রেমিকের ফোন বন্ধ পেয়ে রাগে-অভিমানে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার নগরীর শাসনগাছা এলাকায়। সে ওই এলাকার রিক্সাচালক আব্দুর রশিদ ও গৃহপরিচারিকা পারভীন আক্তারের মেয়ে। তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হাতিরবন গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনি আক্তার পিংকি গত বছর নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চলতি বছরের শুরু থেকে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। শাসনগাছা মাস্টারপাড়া এলাকার আব্দুল হান্নানের বাড়িতে প্রায় ১৫ বছর ধরে তারা বসবাস করে আসছিল। মোবাইলে পরিচয়ের সূত্র ধরে অজ্ঞাত এক প্রেমিকের সাথে পিংকির প্রেম নিবেদন চলে আসছিল। বাবা-মা কাজে চলে যাওয়ার সুযোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে পিংকি তার ওই প্রেমিককে ঘরে থাকা ২০ হাজার টাকা মোবাইল বিকাশের মাধ্যমে প্রেরণ করে। পিংকির পিতা ও স্থানীয়রা জানায়, ওই টাকা প্রেরণের পর প্রেমিকের মোবাইল ফোনটি বন্ধ পেয়ে পিংকি ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এসময় তার ছোট বোন স্কুল ছাত্রী তানিয়া (১১) ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাক-চিত্কার শুরু করে। এতে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে পিংকিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা জানায়, ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রেরণের পর প্রেমিকের মোবাইল ফোনটি বন্ধ পেয়ে পিংকি রাগে-ক্ষোভে ও অভিমানে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।