দেবিদ্বারে ওটিতে রোগীর অপমৃত্যু, ডাক্তার পলাতক হাসপাতাল সিলগালা
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২২:৫৯
কুমিল্লায় ডাক্তারের ‘ভুল চিকিত্সায়’ মো. ইউনুস মিয়া সরকার নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। পরে মৃতের বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালিয়েছেন।
সোমবার রাতে জেলার দেবিদ্বার উপজেলা সদরের এসএ কলেজ রোডের মেডিক্যাল সেন্টার নামের একটি প্রাইভেট হাসপাতালে এ ঘটনার পর মৃত রোগীকে অপারেশন থিয়েটারে রেখে পালিয়ে যান ডাক্তার ও কর্মচারীরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহতের ভাই মো. কবির আহমেদ সরকার বাদী হয়ে হাসপাতালে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীসহ ৫ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ডা. ওয়াহিদুজ্জামান এবং ওটি বয় রাসেলকে গ্রেফতার করেছে।
পুলিশ, নিহতের স্বজন ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যুবদল নেতা ও দেবিদ্বার এসএ সরকারি কলেজের সাবেক জিএস মো. ইউনুছ সরকারের পিত্তথলিতে পাথর অপারেশন করতে তাকে দেবিদ্বার মেডিক্যাল সেন্টারে সোমবার সন্ধ্যায় ভর্তি করা হয়। পরে রাতে ওই হাসপাতালে তার পিত্তথলির পাথর অপসারণ করার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লা জেনারেল হাসপাতালের ডা. আনোয়ারুল হক এবং ওই মেডিক্যাল সেন্টারের ডিউটি ডাক্তার ওয়াহিদুজ্জামান ও এনেসথেসিয়া ডা. শরীফ হাসানসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীরা। রাত ১২টায় ওই রোগীর জ্ঞান ফিরে না আসায় ডা. আনোয়ারুল হক ও ডা. শরীফ হাসান কৌশলে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে পালিয়ে যান। এসময় রোগীর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি, আসবাবপত্র ও অ্যাম্বুলেন্সে ভাংচুর চালায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই হাসপাতালের নানা অনিয়ম ও ভুল চিকিত্সায় রোগীর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে ওই প্রাইভেট হাসপাতাল সিলগালাসহ এর বিদ্যুত্সংযোগ বন্ধ করে দেন। নিহতের ভাই মো. কবির আহমেদ সরকার বাদী হয়ে ডা. শরীফ হাসান (এমবিবিএস, পিজিটি, এনেসথেসিয়া), ডা. আনোয়ারুল হক (এমবিবিএস, এফসিপিএস, এমএস), ডা. ওয়াহিদুজ্জামান (এমবিবিএস, সিএমইউ, সিসিডি), ওটি বয় উপজেলার গুনাইঘর গ্রামের আবদুল মতিনের পুত্র মো. রাসেল আহমেদ পলাশ, ওই মেডিক্যাল সেন্টারের মালিক হাফেজ মেজবাহ উদ্দিন খোকনসহ ৫ জনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকালে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দেবিদ্বার থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে, অপর ৩ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।