পদ্মা সেতু নির্মাণে বিদেশি কোম্পানি নির্বাচিত

পদ্মাসেতু নির্মাণে তিনটি আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে সরকার। আগামী ৩ এপ্রিলের মধ্যে কোম্পানিগুলোকে আর্থিক প্রস্তাব জমা দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এর মধ্যে চূড়ান্তভাবে একটি প্রতিষ্ঠানকে সেতু নির্মাণের দায়িত্ব দেয়া হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেতুভবনে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। যোগাযোগমন্ত্রী বলেন, যে তিনটি প্রতিষ্ঠানকে সরকার প্রাথমিকভাবে নির্বাচিত করেছে সেগুলোর মধ্যে দুটি কোরিয়ার এবং অপর একটি চীনের। তিনি জানান, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ তিনটি কোম্পানি মূল পদ্মাসেতু নির্মাণের লক্ষ্যে কারিগরি প্রস্তাব জমা দেয়। এ প্রস্তাবগুলো দেশি এবং বিদেশি কারিগরি মূল্যায়ন কমিটি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তাদের সুপারিশের ভিত্তিতে কয়েকদিন আগে ঐ তিন প্রতিষ্ঠানকে আর্থিক প্রস্তাব জমা দিতে বলা হয়েছে বলে তিনি জানান। এ আর্থিক প্রস্তাব জমা দেয়ার পর দেশি এবং-বিদেশি কারিগরি মূল্যায়ন কমিটি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে একটি কোম্পানিকে মূল পদ্মাসেতুর নির্মাণ কাজ দেয়া হবে। যে তিনটি কোম্পানিকে পদ্মাসেতু নির্মাণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে সেগুলো হচ্ছে কোরিয়ান প্রতিষ্ঠান ডেইলিম এল এন্ড টি জেভি এবং স্যামসাং সি এন্ড টি কর্পোরেশন। আর চীনা কোম্পানিটি হচ্ছে- চায়না মেজর ব্রিজ। গতকালের সভায় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, নৌ সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পানিসম্পদ সচিব ড. জাফর আহমেদ খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।