প্রার্থিতা প্রত্যাহারকারীরাই আমার বাধ্য সন্তান

নির্দেশ মেনে দলের যেসব নেতা গত পাঁচ জানুয়ারির সংসদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন, তাদেরকে নিজ্যের ‘বাধ্যগত সন্তান’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারকারী দলের নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি তাদের উদ্দেশে বলেন ‘সামনে আবারও নতুন নির্বাচন। জাপা সে নির্বাচনে অংশ নেবে। তখন তোমাদেরই আমি প্রার্থী করবো, মূল্যায়ন করবো।’ প্রসঙ্গত, নানা ঘটনার পর গতকালই প্রথম প্রার্থীতা প্রত্যাহারকারী নেতাদের নিয়ে বৈঠক করলেন দলীয় চেয়ারম্যান। বৈঠকের একাধিক সূত্র জানায়, জাপা চেয়ারম্যানের ঢাকার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রার্থীতা প্রত্যাহারকারী নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। একপর্যায়ে এরশাদ তাদের আশ্বস্ত করে বলেন, ‘এ নির্বাচনই জীবনের শেষ নির্বাচন নয়। সামনে নতুন নির্বাচন হবে। তোমরা সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারো, আমাকে বলো। আমি তোমাদের দেখব।’ এসময় দলের প্রেসিডিয়ামের অনেক সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এরশাদ। সভার শুরুতে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন। এরপর এরশাদ বক্তব্য শুরু করলে নেতারা হইচই শুরু করেন। এ সময় কয়েকজন নেতা বলেন, ‘স্যার, আপনার আশপাশে দালাল। ওদের দল থেকে বাদ দেন। সারাদেশে সংগঠন নেই, কমিটি নেই।’ এরশাদ নেতাদের শান্ত করে বলেন, ‘আমি কেন নির্বাচনে যাইনি, একদিন তা বুঝবে। ইতিহাসই এর উত্তর দেবে।’