ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৬ পুলিশ নিহত
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২৩:০৪
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের অতর্কিত হামলায় ১৬ পুলিশ নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সুকমা জেলায় রাস্তা নির্মাণ কাজের শ্রমিকদের নিরাপত্তায় নিয়োজিত টহল পুলিশের ওপর বিদ্রোহীরা এই অতর্কিত হামলা চালায়। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুকেশ গুপ্তা বিবিসিকে জানান, এ হামলায় ২৫ পুলিশ সদস্য আহত হয়।
এদিকে, পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মাওবাদীরা ছত্তিশগড়ের সুকমা জেলার তঙ্গপালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও রাজ্য পুলিশের একটি ট্রাক বহরে চোরাগোপ্তা হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। দুই পক্ষের মধ্যে তিন ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। বন্দুকযুদ্ধে মাওবাদী কোনো বিদ্রোহী হতাহত হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।
গরিবের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করা এসব মাওবাদীদের শক্ত ঘাঁটি হলো ছত্তিশগড়। গত বছরের মে মাসে এই সুকমায় রাজ্যের কংগ্রেস নেতাদের এক গাড়িবহরে হামলা চালিয়েছিলো মাওবাদীরা। ঐ হামলায় মোট ২৭ জন নিহত হয়; যাদের মধ্যে রাজ্যের কয়েকজন শীর্ষ নেতাও ছিলেন। এছাড়া ঐ বছরের এপ্রিলে একই জেলা থেকে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে অপহরণ করেছিলো মাওবাদীরা। ১২ দিন পর ঐ কর্মকর্তার মুক্তি মেলে। গত শতকের ৬০ এর দশকের শেষদিকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে মাওবাদীদের সশস্ত্র বিদ্রোহের শুরু। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই মাওবাদীদের ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি বলে আখ্যা দিয়েছেন।