নারী দিবস উপলক্ষে মির্জাপুরে সাংস্কৃতিক আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ৮ মার্চ। মির্জাপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে শহরে একটি আনন্দ র্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ শেষে ইউএনও অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার পর পরই শুরু হয় মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রানাশাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নৃত্যানুষ্ঠান অতিথিদের ও দর্শক শ্রোতাদের নজর কেড়ে নেয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা, উপজেলা বিআরডিবির কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিআরডিবির সহ-সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস ফ্লোরা ইয়াসমিন, মির্জাপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম শহিদ এবং শিল্পকলা একাডেমির শিক্ষক কবি আসাদুজ্জামান বাবুল প্রমুখ।