নারী দিবসে সাংবাদিক মাহমুদা চৌধুরীকে সম্মাননা জানালো কলমিলতা ট্রাস্ট
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ১৮:৩০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলমিলতা ট্রাস্ট ‘গণসংযোগ ও সৃজনশীলতায় নারী’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ, শিল্পী তরুণ ঘোষ এবং শিল্পী ইসরাত জাহান কাকন। অনুষ্ঠানে গণসংযোগ ও সৃজনশীলতায় অদম্য ভূমিকা রাখায় সাংবাদিক মাহমুদা চৌধুরীকে সম্মাননা জানানো হয়।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সংস্কৃতির উন্নয়নে কর্মরত কলমিলতা ট্রাস্টের উদ্যোগে এবং মনোভূমি আর্ট স্পেস ও সোর্স-এর সার্বিক সহযোগিতায় গত ৮ মার্চ বিকাল ৫টায় কলমিলতা ট্রাস্ট সাহেরা ট্রপিক্যাল সেন্টার, ২১৮, এলিফ্যান্ট রোড, ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্থানে কর্মরত নারীবৃন্দ উপস্থিত থেকে তাদের ভূমিকা, অধিকার ও করণীয়সমূহ মিডিয়ার মাধ্যমে সমাজের বিভিন্ন মহলে তুলে ধরেন।