ঊষার আলোয় উজ্জ্বল

একটি ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে অহনা মিডিয়ায় নাম লেখান। পরবর্তীতে মডেলিং ও অভিনয়ে নিজের যোগ্যতা প্রমাণের জন্য কাজ করেন নিরলসভাবে। তারই প্রমাণ মেলে রুপালি পর্দায় অভিনয়ের মাধ্যমে। বর্তমানে বিভিন্ন চ্যানেলে অহনা অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। তার বর্তমান ব্যস্ততার কথা জানাচ্ছেন নওশীন শর্মিলী অহনা নামের অর্থ ঊষা কিংবা দিনের প্রারম্ভভাগ। ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী অহনা অভিনয়ের তিমির রাত কাটিয়ে এখন আলোকিত পথে ছুটছেন আপন গতিতে। অভিনয়ের মাঝে নিজেকে সঁপে দিয়েছিলেন সেই ছোটবেলাতেই। অভিনয়কে মনের ভেতর লালন করতেন বলে অভিনয়ের ওপর কোর্সে ভর্তি হন সেই ছোট্টবেলাতে। বিশিষ্ট সাংবাদিক ও নির্মাতা রেজানুর রহমানের হাত ধরেই বাংলাদেশ শিশু চলচ্চিত্র সংসদ প্রবেশ করেন তিনি। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের কোর্স শেষে ‘বিনোদন বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতা’ ২০০৪-এ অংশ নেন অহনা। ওই প্রতিযোগিতায় অনেক মেয়েকে পেছনে ফেলে তিনি নিজের যোগ্যতায় চলে আসেন প্রথম সারির একজন হিসেবে। বিনোদন বিচিত্রা ফটো সুন্দরী প্রযোগিতায় চতুর্থ হওয়ার পর অহনার ভাগ্যের চাকা বদলে যায়। একের পর এক বিজ্ঞাপন ও নাটকে কাজ শুরু করেন। তার উল্লেখ্যযোগ্য বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে—‘বাংলালিংক’, ‘ওয়ারিদ’, ‘জুই নারিকেল তেল’, ‘ট্রান্সটেক ইলেক্ট্রনিক্স’, ‘প্রাণ ম্যাংগো বার’, ‘প্রাণ বাদাম ভাজা’, ‘নেসক্যাফে’, ‘পিওর গুড়া মসলা’, ‘পেপসোডেন্ট’ প্রভৃতি। আর নাটকগুলো হলো সতীর্থ রুবেলের ‘এইটিন প্লাস’, এম সাখাওয়াত হোসেনের ‘দখিনা পবন’, ‘একদিন স্বপ্ন রঙিন’, ‘সুখের অসুখ’, ‘দেবদাস অপেরা’, ধারাবাহিক ‘সাগাই’, ‘দুই টাকার বাহাদুরী’, ‘অন্যন্যা’-তে অভিনয় করেছেন। শুধু বিজ্ঞাপন আর নাটকই নয়, ইতোমধ্যেই অহনা প্রবেশ করেছেন চলচ্চিত্রের রুপালি জগতেও। তিনি এফআই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবিতে অভিনয় করছেন। এ ছবিতে তিনি চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। ছবিতে আরেক নায়িকা থাকছেন অপু বিশ্বাস। এর আগে অহনা অভিনয় করেছিলেন ‘চাকরের প্রেম’ নামের একটি ছবিতে। রকিবুল আলম রাকিব পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ছবিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক আমিন খান। তবে ছবিটি তেমন ব্যবসা সফলতা অর্জন করতে পারেনি। এরপর তিনি ‘জলদস্যু রক্তরহস্য’ নামের ভিন্নধর্মী একটি ছবিতে অভিনয় করেন। অহনা এখন ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তার অভিনীত বেশকয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। আর ব্যস্ত আছেন ‘পালংক’, ‘যৈবতী কন্যা’, ‘নজরবিহীন নজর আলী’ ও ‘নোয়শাল’সহ বেশ কিছু নাটকের শুটিং নিয়ে। ভবিষ্যতে দেশের একজন প্রথম সারির অভিনয়শিল্পী হিসেবে নিজেকে দেখতে চান তিনি। তাই তো সেভাবেই নিজেকে গড়ছেন অভিনয়ের ঊষা মানবী।