খোঁজখবর
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ১৮:৩৩
এবার নতুন রূপে
এবার একেবারেই নতুন রূপে টেলিভিশনের দর্শকের জন্য হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ‘ভাই’ নামে নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে তাকে নতুন রূপে দেখা যাবে। গোলাম রাব্বানীর রচনায় ‘ভাই’ ধারাবাহিকটি নির্মাণ করবেন জাহিদ হাসান নিজেই। এ নাটকে দুই জমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান। একই সঙ্গে বেশ কিছু নতুন লুকে নানা সময়ে নাটকে উপস্থিত থাকবেন তিনি। জাহিদ হাসান নাটকটি নিয়ে বলেন, ‘আমি আসলে চেয়েছিলাম আমার একটি নতুন ইমেজ তৈরি করতে। এতদিন পর্দায় দর্শক যে জাহিদ হাসানকে দেখে এসেছেন তার থেকে বের হয়ে আমি নতুনভাবে নিজেকে উপস্থিত করতে চেয়েছি। ‘ভাই’ নাটকের গল্পে আমি সে চরিত্রটা পেয়েছি। ইমোশন, কমেডি, প্রেম, থ্রিল, সরলতা, দুই ভাইয়ের সম্পর্কের রসায়ন সব কিছুই এ নাটকের গল্পে আছে। দর্শক অনেকদিন পর একটি ভালো নাটক দেখতে পারবেন বলে আমার বিশ্বাস।’
খোশমেজাজে ববি
গেল সপ্তাহে মুক্তি পেয়েছে ববি অভিনীত নতুন চলচ্চিত্র ‘রাজত্ব’। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন শাকিব খান। এছাড়াও রয়েছেন প্রবীর মিত্র, শাঙ্কু পাঞ্জা প্রমুখ। মুক্তির আগেই রেকর্ড গড়েছে নতুন এই চলচ্চিত্রটি। এরইমধ্যে একশ’টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে দর্শক এবং হল মালিকদের এমন আগ্রহে সবাই খুশি। ঢাকার বাইরের কয়েকটি হলে এরইমধ্যে ছবিটি চলছে। আর রেসপন্সও মিলছে বেশ। নতুন এই ছবি প্রসঙ্গে ববি বলেন, ‘আমার ‘দেহরক্ষী’ ছবিতে দর্শকরা আমাকে যেভাবে দেখেছেন, এখানে তার দেখবেন পুরোপুরি আলাদাভাবে। চরিত্রের প্রয়োজনে এখানে আমাকে কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আর এর গল্পটাও বেশ ভালো। সেইসাথে গেটআপ ও মেকআপেও আছে নতুনত্ব। সবমিলিয়ে এই ছবিতে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।’ উল্লেখ্য, কিছুদিন আগে ঈগল মিউজিকের ব্যানারে বাজারে আসে ‘রাজত্ব’র অডিও সিডি। এতে গান রয়েছে ৫টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এলিটা, কনা, দোলা ও হাসিব। সব গানের সংগীত পরিচালনা করেছেন অদিত।
টাইগারদের উত্সাহ দিতে চার গান
টি-২০ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে চারটি গান লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। এবারের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ বাংলাদেশ। নিজের দেশকে উত্সাহ যোগাতে এবং শুভেচ্ছা জানাতেই এই গানগুলো লিখেছেন জীবন। চারটি গানের একটির শিরোনাম ‘বাংলাদেশ’। এটির সুর এবং কণ্ঠ ব্যান্ড দূরবীনের, সংগীত করেছেন রাফি। ‘বাড়ো আগে বাড়ো’ শিরোনামে একটি গানের সুর ও সংগীত করেছেন আরফিন রুমি। কণ্ঠ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ, আরফিন রুমি, লিজা, ইলিয়াস ও শাহরিদ বেলাল। ‘চলো এসো’ শিরোনামের একটি গানের সুর ও সংগীত করেছেন জি ডে আকস। কণ্ঠ দিয়েছেন পারভেজ ও অমিদ। বাকি গানটি সম্পর্কে রেকর্ডিং শেষ হলেই জানাবেন জীবন। রেকর্ডিং হওয়া গানগুলো এরইমধ্যে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে প্রকাশ পেয়েছে। এগুলোর রেসপন্সও খুব ভালো। এ প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘আমি নিজে বাংলাদেশ ক্রিকেটের একজন ঘোর সমর্থক। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আমার এই প্রেম। সেই ভালোলাগা, ভালোবাসা থেকেই গানগুলো লেখা। আমার বিশ্বাস এখান থেকে কোন না কোনো গান শ্রোতাদের মনে দাগ কাটবে।’