স্যাটেলাইট
ম্যায় না ভুলোঙ্গি
গৃহবধূর প্রতিশোধের গল্প
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ১৮:৩৬
‘ম্যায় না ভুলোঙ্গি’ সিরিয়ালটি ৫০তম এপিসোড অতিক্রম করেছে সম্প্রতি। ইতোমধ্যে সিরিয়ালটি সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলের অন্যতম দর্শকপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের তরুণ শিখা গুপ্তার বিয়ে পরবর্তী জীবনে স্বামীর হিংস্রতার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হওয়া এবং নতুনভাবে জীবন ফিরে পাওয়ার গল্প তুলে ধরা হচ্ছে সিরিয়ালটিতে। স্বামী সামিরের নির্মমতার শিকার শিখা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর নতুন পরিচয়ে সামায়রা নামে ফিরে আসে। সামায়রা পরিচয়ে ভিন্নরূপ ধারণ করায় তাকে চিনতে পারে না তার হত্যা চেষ্টাকারী স্বামী সামির। সামায়রা প্রতিশোধ নিতে নানা কৌশল অবলম্বনে সামিরের কাছাকাছি চলে আসে। শুরু হয় নতুন নাটক। উত্তেজনা চরমে পৌঁছে। সিরিয়ালটির শুরুতে শিখা গুপ্তা হিসেবে অভিনেত্রী ঐশ্বরিয়া সাখুজাকে সাধারণ লুকে সাদামাটা সাজে দেখা গেলেও এখন সামায়রা রূপে নতুন সাজে ফিরে আসার পর তাকে অনেক স্মার্ট এবং গ্ল্যামারাস লাগছে। এখন অনেকটা আত্মবিশ্বাসী চ্যালেঞ্জিং ভঙ্গিতে পর্দায় আসছেন ফলে দর্শক ‘ম্যায় না ভুলোঙ্গি’ সিরিয়ালটি টানটান উত্তেজনা নিয়ে উপভোগ করছেন। ঐশ্বরিয়া সাখুজার অনবদ্য অভিনয় সিরিয়ালটির জনপ্রিয়তা ধরে রাখতে সহায়ক হয়েছে। গৃহ সন্ত্রাস ও নির্মমতার শিকার নারীদের বাস্তব জীবনের হূদয়স্পর্শী কাহিনী ‘ম্যায় না ভুলোঙ্গি’ মহিলা দর্শকদের করছে আলাদাভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ইদানীং। সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে ‘ম্যায় না ভুলোঙ্গি’ সিরিয়ালটি প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে ৮টায় দেখানো হয়।
এক্স ফ্যাক্টর ইন্ডিয়া
গান নিয়ে শুরু হলো আরেকটি রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’। তবে ইন্ডিয়ান আইডলের চেয়ে এটি নানাভাবেই আলাদা। রিয়েলিটি শোটি প্রতি শুক্রবার সনি চ্যানেলে রাত সাড়ে ৯টায় দেখানো হয়।
মা
বর্তমানে যে সব সিরিয়াল স্টার জলসায় চলছে সেগুলোর মধ্যে ‘মা’ সিরিয়ালটি বেশ সাড়া ফেলেছে। এর কারণ হলো সিরিয়ালটির গল্প এবং সিরিয়ালটি অনেক সময় ধরে চলছে। এটি সোমবার থেকে শনিবার রাত সাড়ে ৮টায় দেখানো হয়।
ক্রাইম ফিকশন
সত্য ঘটনা অবলম্বনে অপরাধ ও অপরাধীদের নেপথ্য কাহিনী নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ক্রাইম ফিকশন’ প্রচারিত হয় গাজী টেলিভিশনে। লিসানুল হক খান তারেকের পরিচালনায় প্রতি সপ্তাহের বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে দর্শকরা এটি দেখতে পাবেন।
রূপ লাবণ্য
রূপ সচেতনতার বিষয়টি মাথায় রেখেই একুশে টেলিভিশন দর্শকদের জন্য এসেছে নতুন অনুষ্ঠান ‘রূপ লাবণ্য’। সুবর্ণা নওয়াদিরের উপস্থাপনায় এবং বাবুল আক্তারের প্রযোজনায় প্রতি মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে দর্শকরা এটি দেখতে পাবেন।