রহমানজির সাথে আমার অমূল্য স্মৃতিরশদ!

দুদিনের ঢাকা সফরে বিশ্বের সেরা সুরস্রষ্টাকে নিয়ে যার যার প্রতি মুহূর্তের মূল্য হয়তো বাড়তে থাকবে। কিন্তু পুরো ইভেন্টের যিনি সামনের জন, তিনি সবচেয়ে সৌভাগ্যবান। এ আর রহমানের ঢাকার সফরের অধিকাংশ সময় পাশে থেকেছেন যিনি তিনি গাউসুল আলম শাওন। বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তার পাশাপাশি মডেল হিসেবেও দেশজুড়ে তার বিস্তর পরিচিতি। বিনোদন প্রতিদিনের অনুরোধে এ আর রহমানকে নিয়ে তার কিছু স্মৃতিগদ্য তুলে ধরা হলো পাঠকদের জন্য। সারাদিনের নানা কাজের ব্যস্ততার ভিড়ে এখন যে মানুষটির সাথে আমার নিত্য ওঠা-বসা হচ্ছে, তিনি এ আর রহমান। ওর গান শোনা হয় না এমন একটা দিন নেই। আমি এই ‘ওর’ বলছি বিশ্বের এ সময়ের সেরা সুরস্রষ্টার প্রতি পরম শ্রদ্ধা আর মমতায়। এরপর যখন বিসিবি সেলিব্রেশন কনসার্টের অফিসিয়ালি দায়িত্বটা আমরাই নিলাম, তখন থেকেই আসলে অন্য ধরনের মগ্নতায় ভুগছিলাম। মানুষটাকে সামনাসামনি দেখব! শুধু দেখবই না, এই স্বপ্নের মানুষটাকে আমিই অভ্যর্থনা জানাব! হোটেলে তাকে রিসিভ করতেই আমার টেকো গেটআপ আর মস্ত ভুড়িটা নিয়ে রহমানজি যখন ফান করছেন তখন আমি হতবাক। এই শুকনো লিকলিকে, আমার মতো অনুজ্জ্বল শ্যামবর্ণের লোকটা বিশ্ব কাঁপায়! হোটেল রুমের সব ঠিকঠাক কি না জানতে চাইলেন। মিউজিশিয়ানদের খোঁজ নিলেন। জানতে চাইলেন নামাজের সময়ের কত বাকি? সব কথা খুব মেপে মেপে বললেন। প্রধানমন্ত্রীর সাথে মিটিং থেকে শুরু করে যাবতীয় শিডিউল মিলিয়ে বললেন, ‘এই শহরটা দেখা হবে না?’ আমি বললাম অবশ্যই দেখব। ‘অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল। হয়ে উঠছিল না। যাক এবারে বাংলাদেশিদের সাথে দেখা হবে।’ তার ব্যবহারে একটা ব্যাপার খেয়াল করলাম। খুব বেশি কথা বলছেন না। আবার পরিমিতভাবে আড্ডা বা ফান করছেন বেশ। বিনয়ী আচরণ তাকে যেন আরও খানিকটা কুঁজো করে ফেলেছে। আহা, কী অদ্ভুত সুরস্রষ্টা! আমি নিতান্তই তার ভক্ত বলতেই মৃদু হাসলেন। এই মৃদু হাসি দিয়েই কি এই মানুষটা সারা বিশ্বের কোটি ভক্তদের জবাব দেন! প্রশ্ন করতে ইচ্ছে হলো। করা গেল না। কারণ হোটেল রুম থেকে অল্প সময়ের ভেতরে অন্য আনুষ্ঠানিকতা সেরে বেরুতে হবে। নিজের ব্যক্তিত্বে এক অসাধারণ মায়ার দ্যুতি কেউ রাখতে পারেন, তাকে না দেখলে বুঝতে পারতাম না। মনে হচ্ছিল, প্রতিটা মুহূর্ত আটকে রাখি বিশেষ স্মৃতিভাণ্ডারের জন্য। আজ এমনই তাড়নায় স্টেডিয়াম ভর্তি লাখো মানুষ তাদের ছবির ফ্রেমে রেখে দেবে এই মানুষটাকে। মনের ফ্রেমে সব বাঁধা হয়ে যায়। তবে সব তো আর ছবি হয় না। জয়তু রহমানজি। জয় হোক তোমার। লেখক :ব্যবস্থাপনা পরিচালক, গ্রে; ক্রিয়েটিভ ডিরেক্টর, মডেল