এলসি বিল দ্রুত পরিশোধের নির্দেশ
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২০:৩২
আমদানি ঋণপত্রের (এলসি) বিপরীতে বিলের মূল্য দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোন কোন তফসিলি ব্যাংক এলসির বিপরীতে বিলের মূল্য পরিশোধে অনাকাঙ্খিত দেরি করছে বলে অভিযোগ আসছে। এর ফলে দেশের ব্যাংক ব্যবস্থার ভাবর্মূতি ক্ষুন্ন হচ্ছে। বিলম্বের জন্য সুদ পরিশোধসহ এলসিতে বিদেশি ব্যাংকের কনফার্মেশন বাবদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যয়বহুল হচ্ছে বৈদেশি আমদানি। এ ধরনের অনিয়মের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পেয়ে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে যা জনস্বার্থ বিঘ্নিত করছে।
এজন্য নিয়মানুসারে এলসি বিল পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অযথা বিলম্ব করলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।