ভেনেজুয়েলায় আবারো বিক্ষোভের ডাক সরকারবিরোধীদের
অস্ত্রধারীদের গুলিতে ছাত্রনেতা নিহত
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২০:৩৯
ভেনিজুয়েলার সরকার বিরোধী ও ছাত্ররা নতুন করে সমাবেশের ডাক দিয়েছে। এদিকে, দেশটির পশ্চিমে সরকার বিরোধী বিক্ষোভে গত সোমবার ড্যানিয়েল টিনোকো নামে এক ছাত্রনেতা নিহত হয়েছেন।
ভেনিজুয়েলার সরকার বিরোধী ও শিক্ষার্থীরা কারাকাসে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের অংশ হিসেবে বুধবার নতুন করে সমাবেশের ডাক দিয়েছে। এর আগের দিন মঙ্গলবার পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও পেট্টোল বোমা নিক্ষেপ করে। এতে তাত্ক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এর আগের দিন সোমবার ভেনিজুয়েলার পশ্চিমে সরকার বিরোধী বিক্ষোভে ড্যানিয়েল টিনোকো নামে এক ছাত্রনেতা নিহত হন। সান ক্রিস্টোবালের একটি সংযোগ সড়কে বিক্ষোভের সময় তিনি বুকে গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন নগরীর পুলিশ প্রধান অ্যাঞ্জেল পারাডেমো। প্রত্যক্ষদর্শীরা বলেন, টিনোকো ও অন্যান্য ছাত্ররা মোটর সাইকেল আরোহী কিছু সশস্ত্র ব্যক্তির আক্রমণের শিকার হন। এক মাসেরও বেশি সময় আগে ভেনিজুয়েলায় অস্থিরতা শুরু হওয়ার পর কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। সরকারের সমর্থক, বিরোধী দল এবং নিরাপত্তা বাহিনীর ত্রিমুখী সংঘর্ষের মধ্যেই টিনোকো হত্যার ঘটনা ঘটে। তবে এই হত্যার পেছনে কারা থাকতে পারে পুলিশ প্রধান পারডেমো তা বলেননি। বিরোধী দল পপুলার উইল পার্টির নেতা ও নগরীর মেয়র ড্যানিয়েল সেবাল্লোস বলেন, বিরোধী দলের সমর্থক, সরকারপন্থি মিলিশিয়া এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাতময় একটি দিনে এই হত্যার ঘটনা ঘটলো।
বিরোধীরা তাদের লক্ষ্যবস্তু করা ও নাজেহালের জন্য ‘কালেক্টিভোস’ নামে পরিচিত সরকারপন্থি মিলিশিয়াদের অভিযুক্ত করেছেন এবং তাদের নিরস্ত্র হওয়ার দাবি জানিয়েছেন। এরই মধ্যে ভেনিজুয়েলার সরকার সহিংসতা বাড়ার জন্য ‘ফ্যাসিস্ট’ গ্রুপগুলোকে দায়ী করেছেন, যাদেরকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ক্যু চেষ্টা করার জন্য অভিযুক্ত করা হয়েছে। এদিকে, ভেনিজুয়েলার কর্তৃপক্ষ সোমবার পশ্চিমাঞ্চলীয় নগরী মেরিদায় চিলিয়ান নারী গিসেল রুবিলার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্যারিকেড সরানোর সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন।