ভারত ও যুক্তরাষ্ট্র একসাথে অনেক কিছুই করতে পারে
...............বারাক ওবামা
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২০:৩৯
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভারত এবং যুক্তরাষ্ট্র একসাথে মিলে অনেক কিছুই অর্জন করতে পারে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই উভয়ের মাঝে একটা দৃঢ় বন্ধন অটুট রাখবে। সোমবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের নয়া রাষ্ট্রদূত ড.এস জয়শঙ্কর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার পরিচয়পত্র তুলে ধরলে এক প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
হোয়াইট হাউসে ভারতীয় রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক সংবর্ধনায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি ভারত, যুক্তরাষ্ট্র একসঙ্গে অনেক কিছুই করতে পারে। নয়া রাষ্ট্রদূতের অভিষেকের এই অনুষ্ঠানটি প্রথাগত হলেও অনেকে একে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক হিসাবে বিবেচনা করছেন। তাদের মতে, দেবযানি খোবরাগাদের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হলেও তার ক্ষত এর মাধ্যমে অনেকটা পূরণ হবে। জয়শঙ্করকে যুক্তরাষ্ট্রের একটা পুরনো বন্ধু হিসাবে ধরা হয়। তার কয়েক প্রজন্মের ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এদিন হোয়াইট হাউসে তাকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। অনুষ্ঠানে ওয়াশিংটনে পাকিস্তানের নয়া রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানিসহ আরো পাঁচ দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।