মোশাররফের রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি মুলতবি
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২০:৪০
পাকিস্তানের বিচারকমন্ডলী মঙ্গলবার সাবেক সামরিক শাসকের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার শুনানি শুক্রবার পর্যন্ত মূলতবী করেছে। মোশাররফের আইনজীবীরা তার জীবন বিপন্ন বলে জানানোর পর আদালত এ সিদ্ধান্ত নেয়। ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তানের শাসন ক্ষমতায় থাকা বর্তমানে ৭০ বছর বয়সী পারভেজ মোশাররফই দেশের প্রথম সাবেক সেনাপ্রধান রাষ্ট্রদোহিতার মামলায় গতমাসে আদালতে হাজির হন। মোশাররফের বিরুদ্ধে চলমান এ মামলাটিকে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর ওপর বেসামরিক শাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির জন্য মঙ্গলবার মোশাররফকে দায়ী করে মামলার শুনানি করার কথা ছিল। কিন্তু তার আইনজীবী নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে আদালতকে একটি চিঠি দেয়ার পর বিচারক প্যানেলের প্রধান মোশাররফকে শুক্রবার পর্যন্ত আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দেন। বিচারক ফয়সল আবার বলেন, আমরা তাকে আজকের হাজিরা থেকে অব্যাহতি দিচ্ছি। তবে তাকে শুক্রবার নাগাদ আদালতে হাজির হতে হবে এবং এই হুমকির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা শুক্রবারের মধ্যেই নিশ্চিত করা হবে।