হাইটেক পার্কে আইটি বিশ্ববিদ্যালয় হবে
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২০:৫৫
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে প্রাথমিকভাবে একটি আইটি ইনস্টিটিউট এবং ক্রমান্বয়ে একটি আন্তর্জাতিকমানের আইটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের কার্যক্রম পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশের কর্মসংস্থান বাড়ানো হবে। এই সরকারের মেয়াদেই গাজীপুরের কালিয়াকৈরে একটি অত্যাধুনিক হাইটেক পার্ক নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এটি সম্পন্ন হলে ৬৩ হাজার ৮শত নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
পরিদর্শনকালে সজীব ওয়াজেদ জয়ের সাথে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, হাইটেক পার্কের এমডি সৈয়দ এমদাদুল হক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৯৯ সালের ১৭ এপ্রিল কালিয়াকৈর হাইটেক পার্কের কার্যক্রম শুরু হলেও বর্তমানে সেখানে কেবলমাত্র সীমানা প্রাচীর, প্রশাসনিক ভবন, আভ্যন্তরীণ সড়ক, পাওয়ার স্টেশন ও একটি টেলিফোন এক্সচেঞ্জ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
১৬ মার্চ রংপুর যাচ্ছেন
সজীব ওয়াজেদ জয়
রংপুর প্রতিনিধি জানান, নির্বাচন পরবর্তী অবস্থা, বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের আন্দোলন, সরকারের উন্নয়ন ও রাজনৈতিক, সাংগঠনিক বিষয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়সহ রংপুর বিভাগের উন্নয়ন সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় আগামী ১৬ মার্চ দুইদিনের সফরে রংপুরে যাচ্ছেন। ওইদিন দুপুরে তিনি রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। এছাড়া ১৬ মার্চ তিনি পীরগঞ্জের ফতেহপুরে পিতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন।