দেশের স্বার্থে সমুদ্র অঞ্চল আইন যুগোপযোগী করা জরুরি
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২১:১৬
আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সমুদ্র অঞ্চল আইন, ১৯৭৪ এর সংশোধন জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে জাতিসংঘের ল’ অব দ্য সী কনভেনশন, ১৯৮২ ছাড়াও অনেক দেশে নতুন আইন হয়েছে। কিন্তু বাংলাদেশের সমুদ্র অঞ্চল আইনকে সময়োপযোগী করা হয়নি। বুধবার সমুদ্র অঞ্চল আইন, ১৯৭৪ সংশোধনের জন্য তৈরি খসড়ার পর্যালোচনা সভায় বিচারপতি খায়রুল হক এ কথা বলেন।
আইন কমিশনে আয়োজিত ঐ সভায় কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর, প্রফেসর ড. মো. শাহ আলম, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল (অব:) এম এইচ খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আনক্লস) রিয়ার এডমিরাল (অব:) খুরশিদ আলম, সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার হারুন উর রশিদ, আইন কমিশনের সচিব মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফাউজুল আজীম, জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা মাকসুদুর রহমান, গবেষণা কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তী পর্যালোচনা সভা আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।
বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, যেকোন সভ্য দেশে প্রতি ১০ থেকে ১৫ বছর পর পর আইনগুলো পুনর্বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ৪০ বছরে সমুদ্র অঞ্চল আইন সংশোধন করা হয়নি। ইতিমধ্যে মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ মিটেছে। ভারতের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তির শুনানিও শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে রায় আসবে। এ অবস্থায় নিজেদের স্বার্থ রক্ষায় ১৯৭৪ এর আইনটি সংশোধনের খসড়া প্রস্তাবনা তৈরি করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ প্রস্তাবনাটি চূড়ান্ত করা হবে। তবে উপস্থিত অনেকেই মনে করেন, ১৯৭৪ এর আইনটি বাতিল করে নতুন আইন করা যেতে পারে।