ফেব্রুয়ারিতে সীমান্তে ৭০ কোটি টাকার পণ্য ও মাদক আটক
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২১:১৭
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ কোটি টাকার চোরাচালানি পণ্য এবং বিপুল মাদক দ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, ফেরুয়ারিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কোটি ৬৬ লাখ ২ হাজার ২৪৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করা হয়েছে। এরমধ্যে অন্তর্মুখী (বাংলাদেশে প্রবেশ) চোরাচালানের মূল্য ৬৫ কোটি ৮৬ লাখ ২৪ হাজার ২৩২ টাকা এবং বহির্মুখী (বাংলাদেশ থেকে যাওয়া) চোরাচালান পণ্যের মূল্য ৩ কোটি ৭৯ লাখ ৭৮ হাজার ১৭ টাকা। আটক মাদকের মধ্যে রয়েছে ৩৯ হাজার ৮৫৫ বোতল ফেনসিডিল, ১২ হাজার ৬২১টি ইয়াবা ট্যাবলেট, ১৮ হাজার ১৩১ বোতল বিদেশি মদ, ১ হাজার ৪৩৩ লিটার স্থানীয় মদ, ২ হাজার ৬৩৬ বোতল বিয়ার, ৭৫৫ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৫১২ গ্রাম হেরোইন, ৭ হাজার ৭২১টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ৫ হাজার ১৮৭টি বিভিন্ন ধরনের ট্যাবলেট। এসব চোরাচালান দ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সময়ে অভিযান চালিয়ে ১২ টি পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২টি এলজি, একটি বোমা ও গুলি ৮৭ টি। সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত ৮৮৮ জনকে আটক করা হয়। এর মধ্যে চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে ১২৩ জনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ এবং এ সংক্রান্ত ২ হাজার ১৯৭টি মামলা হয়েছে।