প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২১:১৮
প্রেমিকার বিয়ের খবরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিক যুবক। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার নাজাত হোস্টেল নামে এক মেসে এ ঘটনা ঘটেছে। মৃদুল তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও সহপাঠীরা জানায়, মৃদুলের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া। স্কুল জীবন থেকে মুদৃল একই এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেম করে আসছিলেন। প্রেমিকা গ্রাম থেকে লেখাপড়ার জন্য ঢাকায় আসার পর তিনিও ঢাকায় এসে তিতুমীর কলেজে ভর্তি হন। তারা দু’জনে থাকতেন মনিপুরী পাড়ায়। মৃদুল একটি হোস্টেলে এবং প্রেমিকা থাকতেন পরিবারের সঙ্গে। সোমবার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের খবর মোবাইল ফোনে জানতে পারেন মৃদুল। হোস্টেল কক্ষে বন্ধুদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন মৃদুল। এরপর বন্ধুরা চলে যায়। মঙ্গলবার বিকালে মৃদুলের মোবাইল ফোনে বন্ধুরা কল করলে বন্ধ পান। সন্দেহ হলে বন্ধুরা হোস্টেলে ছুটে এসে দেখেন তার কক্ষের দরজা বন্ধ। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বিষয়টি তারা হোস্টেল সুপারকে জানান। পরে কক্ষের দরজা ভেঙ্গে বন্ধুরা ভেতরে ঢুকে দেখেন গলায় ফাঁস লাগানো মৃদুল ফ্যানের সঙ্গে ঝুলছে। উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। তার বাবার নাম রবীন্দ্র কুন্ড। তার এক বোন রয়েছে। তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।