গোদাগাড়ীতে পেঁয়াজ বীজ চাষে আগ্রহ বাড়ছে
মোক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২১:৪৬
বিভিন্ন সাথী ফসলের পাশাপাশি পেঁয়াজ বীজ চাষে ঝুঁকেছেন গোদাগাড়ী উপজেলার কৃষকরা। উত্পাদন খরচ কম হওয়ায় বীজ উত্পাদনের লক্ষ্য নিয়ে বাণিজ্যিকভিত্তিতে পেঁয়াজ বীজ চাষ করে ইতোমধ্যেই লাভবান হয়েছেন অনেকেই।
গতবছর পেঁয়াজ বীজে কৃষকদের সফলতা দেখে চলতি মৌসুমে নতুন করে অনেকেই পেঁয়াজ বীজের চাষ শুরু করেছেন। উঁচোলপাড়া গ্রামের পেঁয়াজ বীজ চাষী রফিকুল ইসলাম (৫০) এবার সাড়ে তিন বিঘা জমিতে বাণিজ্যিকভিত্তিতে পেঁয়াজ বীজ চাষ করেছেন। গতবছর তিনি দুই বিঘা জমিতে পেঁয়াজ বীজের চাষ করেছিলেন। উত্পাদন হয়েছিল বিঘাপ্রতি আড়াই মণ। আর বিক্রি করেছিলেন প্রতিকেজি ১ হাজার ৩৫০ টাকা দরে। খরচ বাদ দিয়ে ওই বছর লাভ হয়েছিল দুই লাখ টাকা। তবে এর আগের বছর লাভ করতে পারেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা ড. এম সাইফুল আলম বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের মাটি পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী। জমিতে সেচ দেয়ার ব্যবস্থা থাকলেই ওই জমিতে পেঁয়াজ বীজ চাষ করা সম্ভব। আর ভাল ফলন পেতে হলে পেঁয়াজ বীজের ক্ষেতে নিয়মিত পরিচর্চার পাশাপাশি নিয়মিত কীটনাশক স্প্রে করার প্রয়োজন পড়ে। এতে পোকা-মাকড় ফুলের কোন ক্ষতি করতে পারে না। ফলে উত্পাদন বাড়ে কয়েকগুণ।