টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর লড়াই
গোপালগঞ্জ প্রতিনিধি ও টুঙ্গিপাড়া সংবাদদাতা
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২১:৫০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর তুমুল লড়াই হবে। এ নির্বাচনে বিএনপি’র কোন প্রার্থী অংশ নেয়নি। ১৫ মার্চ টুঙ্গিপাড়া উপজেলার নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এ উপজেলায় প্রার্থীদের মাইকিং, প্রচারপত্র বিলি, জনসংযোগ ও প্রচার-প্রচারনা চলছে। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে নির্বাচনের মাঠ ততই সরগরম হয়ে উঠছে। উপজেলার সর্বত্র প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসকে একক প্রার্থী করা হয়েছে। তার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী গোলাম মোস্তফা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা ধারণা করছেন। অপর চেয়ারম্যান প্রার্থী রওশন আরা বেগমের কোন প্রচার-প্রচারণা নেই। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা রাত-দিন ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উপজেলা টুঙ্গিপাড়ার প্রার্থীরা জনসংযোগ নিয়ে এখন ব্যস্ত সময় কাটচ্ছেন। প্রার্থীরা ভোটারদের সুখে-দুঃখে পাশে থাকাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। ভোটদের মন জয় করতে প্রার্থীদের তত্পরতার শেষ নেই।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস বলেছেন, আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে। টুঙ্গিপাড়া আওয়ামী লীগের ঘাঁটি, এ ঘাঁটিতে বিপুল ভোটে নির্বাচিত হব।