আফগানরা সব ম্যাচ জিততে চায়
শামীম হামিদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২২:২৯
এটি ছিল স্রেফ প্রস্তুতি ম্যাচ। তাও আবার কার্টেল ওভারের। তাতে কী আসে যায়।
খেলার শেষ হাসিটা হেসেছেন আফগান অধিনায়কই। শুধু তাই নয় খেলা শেষে নিজের প্রত্যাশা সম্পর্কে জানালেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে চায় তার দল। গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচ জিতেই পরের রাউন্ডের টিকেট পেতে চান তারা।
আফগান অধিনায়ক মো. নবী গতকাল বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে নেদারল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রানে জিতে বেশ ফুরফুরে মেজাজেই সাংবাদিকদের মুখোমুখি হন। বাংলাদেশের ক্রিকেটের সাথে অভ্যস্ত নবী জানালেন, ম্যাচটা গা গরম করার হলেও এতে জয় পাওয়ায় তার দল ভীষণ উদ্দীপ্ত। গ্রুপে লড়াইয়ে আফগানদের প্রধান প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ কিনা, এমন প্রশ্নের উত্তরে নবীর সোজাসাপ্টা উত্তর, মোটেই না। আমরা কোনো দলকে টার্গেট করে খেলছি না। গ্রুপের তিনটি ম্যাচই আমাদের টার্গেট। সবগুলো ম্যাচে জিতেই পরের রাউন্ডে যেতে চাই আমরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের উচ্চসিত প্রশংসা করেছেন আফগান অধিনায়ক। বললেন, প্রথম দিকে উইকেটের চরিত্র বুঝতে খানিকটা অসুবিধা হচ্ছিল। টপ অর্ডার ব্যাটসম্যানরা টিকে থাকার জন্য সংগ্রাম করেছেন। তবে মিডল অর্ডারে ওই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি।
ম্যাচের ফলাফলে খুশি না হলেও জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেটের প্রশংসা করেছেন ডাচ অধিনায়ক পিটার বোরেনও। বলেছেন, বোলারদের জন্য এ উইকেট মোটামুটি উপযোগী। তবে ব্যাটসম্যানদের জন্য এটি দারুণ সহায়ক। পরাজয়ের কারণ হিসেবে বোরেন বলেন, আমাদের বোলাররা ভালো বল করেছে। তবে আমাদের উচিত ছিল আফগানদের ১৩৫ রানে আটকে রাখা। কিন্তু বাড়তি ১৫ রান দিয়ে আমরা ম্যাচটা হাতছাড়া করে ফেলেছি।