ফ্লাড লাইট জ্বললেও ছিল না কোলাহল
জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২২:৩০
প্রায় এক মাস পর সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলো আবারো জ্বলে উঠলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে বর্ণিল সাজে সেজেছে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম।
আগামী রবিবার সন্ধ্যায় নেপাল ও হংকং দলের খেলা দিয়ে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপটি। তার আগে গতকাল বুধবার আফগান ও নেদারল্যান্ড এবং জিম্বাবুয়ে ও হংকং দলের খেলা দুটি অনুষ্ঠিত হয় এ ভেন্যুতে। খেলাগুলো প্রস্তুতিমূলক হলেও দর্শকরাও আগ্রহী হয়নি। তাই গ্যালারী ছিল একেবারে ফাঁকা। সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, নিরাপত্তা রক্ষী ও স্বেচ্ছাসেবক ছাড়া অন্য কেউ সাগরিকায় আসেননি। সঙ্গত কারণেই ছিল না কোন কোলাহল। নিরাপত্তা রক্ষীদেরও দেখা গেছে অলস সময় কাটাতে।
প্রস্তুতিমূলক ম্যাচের জন্য টিকেটের দাম রাখা হয়েছিল গ্যালারী ২৫ টাকা, ক্লাব হাউস ৫০ ও গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা করে। টিকেটের দাম কম হওয়ার পরও স্টেডিয়ামের গ্যালারী ফাঁকা। আয়োজকরা অবশ্য এ নিয়ে দুশ্চিন্তায় নেই। এ প্রসঙ্গে ভেন্যু ম্যানেজার ফজলে রাব্বী খান রুবেল জানান, প্রস্তুতিমূলক ম্যাচে দর্শক শূন্য স্টেডিয়ামের গ্যালারী দেখে চিন্তিত হওয়ার কোন অবকাশ নেই। মূল ম্যাচগুলোতে সাগরিকা স্টেডিয়ামের গ্যালারী কানায় কানায় পূর্ণ হবে।