দক্ষ জনশক্তি নিতে আগ্রহী ওমান

প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। গতকাল বুধবার বাংলাদেশ সফররত ওমানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশটিতে প্রায় ৫ লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। বিভিন্ন কাজে দক্ষ আরও বহু সংখ্যক শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ওমান। প্রফেশনাল জনশক্তিও নিতে চায় তারা। সেদিকে লক্ষ্য রেখে প্রতিনিধি দলকে আমাদের দক্ষ শ্রমিকদের ডাটাবেজসহ নিরাপদ অভিবাসনের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপ সম্পর্কে জানিয়েছি। তিনি বলেন, অভিবাসন ব্যয় কমানোর বিষয়েও দু’দেশ একমত হয়েছে। এছাড়া ৭০ হাজার বাংলাদেশি শ্রমিক তাদের কর্মস্থল পরিবর্তন করেছে বলে তারা যে অভিযোগ করেছে সে বিষয়ে আমরা একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। কয়েকমাস পরে এ কমিটি ওমানের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবে। ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আশা করছি আমরা খুব অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ থেকে ২৫ হাজার টাকায় জনশক্তি রফতানি করতে পারবো। তিনি বলেন, সরকারের শক্ত পদক্ষেপের কারণে দালালদের কাছে সর্বস্ব বিক্রি করে বিদেশ যেতে হবে না। তবে সচেতন না হয়ে দালালদের হাতে টাকা দিলে সেখানে আর সরকারের কিছুই করার থাকবে না। গত ১০ মার্চ সোমবার রাত ৮টার দিকে চার সদস্যের ওমানের এ প্রতিনিধি দল ঢাকায় পৌঁছে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির জনশক্তি বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা সালেহ আয়াল আল আমরি।