সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট গ্রহণ শুরু

উত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু’দিনব্যাপী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি দিয়ে তা চলে বিকাল পাঁচটা পর্যন্ত। নির্বাচনের প্রথম দিন এক হাজার ৬৮১ জন ভোটার ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ভোট গ্রহণ করা হবে। সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার রয়েছেন চার হাজার ৫৪ জন। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু ও সম্পাদক পদে এডভোকেট রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের আরো কয়েকটি প্যানেল জমা পড়লেও শেষ পর্যন্ত তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। নির্বাচনে কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।