বগুড়ায় সোনালী ব্যাংকে টাকা চুরির ঘটনায় আরো ৩ জন আটক

বগুড়ার আদমদীঘিতে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ খুঁড়ে টাকা চুরির ঘটনায় আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে বুধবার পর্যন্ত লুণ্ঠিত টাকার কোন হদিস পাওয়া যায়নি। আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, আদালত থেকে রিমাণ্ডে নেয়া ৮ আসামিকে জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত দুই দিনে ৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে বগুড়ার আদমদীঘি থেকে দুইজন এবং গাইবান্ধা থেকে একজনকে আটক করা হয়। তবে নতুন করে আটক ৩ জনের নাম-পরিচয় জানাতে অস্বীকার করেছে পুলিশ। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, রিমাণ্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তাদের তথ্যের ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়েছে। তবে লুণ্ঠিত অর্থ উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। পুলিশ সুপার আরো জানান, এই চুরির ঘটনা তদন্তে ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল বগুড়া জেলা পুলিশের সাথে কাজ করছে।