নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের ঘোষণা যোগাযোগমন্ত্রীর
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২৩:০৫
গাইবান্ধার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালামকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার দুপুরে সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। এসময় আবদুস সালামকে জেলার বিভিন্ন সড়কের দুরবস্থার জন্য দায়ী করা হয়। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ নানা অভিযোগ তোলা হলে মন্ত্রী তাকে প্রত্যাহারের ঘোষণা দেন। মন্ত্রী বলেন, তার জায়গায় একজন যোগ্য কর্মকর্তাকে পাঠানো হবে।
জামালপুরের বাহাদুরাবাদ থেকে গাইবান্ধার বালাসীঘাট রুটে ফেরি সার্ভিস চালুর আগে তিনি গতকাল বুধবার পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন।
গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহীর সভাপতিত্বে মতবিনিময় সভায় যোগাযোগ মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি আজ মন্ত্রী আছি, কাল থাকবো না। কিন্তু আপনারা দলের সাথে আজীবন থাকবেন। কর্মীরাই হল আওয়ামী লীগের প্রাণ।
বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাটে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় বক্তৃতা করেন ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, আমাদের প্রধান দুটি শত্রু হল দারিদ্র্য ও জঙ্গিবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরাঞ্চল থেকে আমরা যেভাবে মঙ্গা বিদায় করেছি, সেভাবে দেশ থেকে জঙ্গিবাদও বিদায় করা হবে। উত্তরাঞ্চলের মঙ্গা এখন যাদুঘরে। এবার মঙ্গার মতো দারিদ্র্য ও জঙ্গিবাদকেও যাদুঘরে পাঠাবে শেখ হাসিনার সরকার।
তিনি আরো বলেন, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সংযোগ সড়ক ও পুনঃরায় ফেরি চলাচল শুরু হলে গাইবান্ধাসহ রংপুর বিভাগের ৮টি জেলার মানুষের ঢাকা ও চট্টগ্রাম যাতায়াত সহজ হবে।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গাইবান্ধায় আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বালাসী-বাহাদুরাবাদ ঘাটের মধ্যে পুনরায় ফেরি যোগাযোগ ব্যবস্থা চালু হলে উত্তরাঞ্চলের প্রভূত উন্নয়ন সাধিত হবে। সেই সাথে এখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপিসহ ১৯ দল যে সহিংসতা চালিয়েছে তাতে দেশে উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পথসভায় আরো বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।
জামালপুর প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ সংবাদদাতা জানান, দেওয়ানগঞ্জ উপজেলার যমুনার তীরবর্তী ফুটানী বাজারে সকালে যোগাযোগ মন্ত্রী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির উপর।
সারিয়াকান্দি (বগুড়া ) সংবাদদাতা জানান, দিনাজপুরের পর যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সারিয়াকান্দি যমুনার ঘাট এলাকা পরিদর্শন করেন। তারা স্থানীয় পাবলিক মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন।