মহানগর বিএনপির নেতৃত্ব ছাড়ার ঘোষণা খোকার
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২৩:১২
সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতা ও দলের ভেতরে নানামুখী সমালোচনার মধ্যেই বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়কের পদ ছাড়ার ঘোষণা দিলেন সাদেক হোসেন খোকা। তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করে পদ থেকে অব্যাহতি চেয়েছেন। একই সঙ্গে মহানগর কমিটির দায়িত্ব দেয়ার জন্য তিন জনের নাম প্রস্তাব করেছেন।
গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে দলের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। খোকা বলেন, আমি দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত্ করে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদ থেকে অব্যাহতি চেয়েছি। আমি আর এই দায়িত্ব পালন করতে চাই না। মহানগরকে ঢেলে সাজানোর জন্য আমি নেত্রীকে অনুরোধ জানিয়েছি। আমি বলেছি, নতুন কেউ নেতৃত্বে আসুক। তিনি শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
খোকা আরো বলেন, চেয়ারপারসনের কাছে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক পদে আমি তিন জনের নাম প্রস্তাব করেছি। এরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, মির্জা আব্বাস ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। এ ব্যাপারে নেত্রী সিদ্ধান্ত নেবেন। তিনি আরো বলেন, দলের দায়িত্ব পালনে আমার আন্তরিকতার কোন ঘাটতি ছিল না। দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, নাকি সফল হয়েছি সেটা জনগণ আর দলীয় নেতাকর্মীরাই বিচার করবেন। পদত্যাগ করছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি পদত্যাগের বিষয় নয়। আমি নেত্রীকে বলে দিয়েছি। তিনি নিশ্চয়ই কার্যকর পদক্ষেপ নেবেন।
সরকারবিরোধী আন্দোলনে মহানগর বিএনপির ব্যর্থতার প্রসঙ্গে খোকা বলেন, সরকারের বেপরোয়া আচরণে নেতাকর্মীরা ভীত-সন্ত্রস্ত ছিল। এ কারণে সহজে মাঠে নামা সম্ভব হয়নি। দলের মধ্যে কোন্দলের সমালোচনা করে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে সবার রাজনীতি করা উচিত।
সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নবীউল্লাহ নবী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে দলটির ঢাকা মহানগর কমিটির নেতৃত্ব দিয়ে আসছেন সাদেক হোসেন খোকা।