ডিএসইতে লেনদেন কমেছে ২২ ভাগ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২০:২০
শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে হয়েছে ৩৫৩ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ২২ ভাগ কম। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ৪৬ লাখ ৩৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ২৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের।
এদিকে শেয়ারবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত পদ্মা সিমেন্টের অবলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কোম্পানিটি এ-সংশ্লিষ্ট ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের পাওনা বুঝে নিতে কোম্পানির অবসায়কের কাছে ২১ মার্চের মধ্যে দাবিনামা পেশেরও অনুরোধ জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, ১৯৯৮ সালে প্রাইভেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পায় পদ্মা সিমেন্ট লিমিটেড। ২০০১ সালে কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এরপর কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০২ সালে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধিত মূলধনের মোট ২ কোটি ৭৬ লাখ শেয়ার বাজারে রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক দশমিক ৩৬ শতাংশ ও ৯৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে। এদিকে কোম্পানিটির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ৩৩ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। উত্পাদনে না থাকায় কোম্পানিটিকে ক্রমেই লোকসান গুনতে হয়। এ কারণে উদ্যোক্তারা কোম্পানিটিকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। শেয়ারহোল্ডারদের পাওনা পরিশোধ করতে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপে লিকুইডেশনের মাধ্যমে পদ্মা সিমেন্টের অবলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছে।