সৌদি ও কুয়েতে দুই ব্রাদারহুড সদস্য আটক

মুসলিম ব্রাদারহুডের দুই সদস্যকে সৌদি আরব ও কুয়েত থেকে আটক করেছে ইন্টারপোল। এর আগে সন্ত্রাসের অভিযোগে এই দুই সদস্যের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কায়রো। এর পরই তাদের দু’জনকে গ্রেপ্তার করা হল। বুধবার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আটককৃত একজন মিসরের সাবেক পার্লামেন্ট সদস্য বলে জানা গেছে। আইনজীবীর দপ্তর বিবৃতিতে জানায়, সাবেক রাজনীতিক আকরাম আল শায়েরকে সৌদি আরব ও মোহাম্মদ আল কাবোতিকে কুয়েত থেকে আটক করা হয়েছে বলে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এই দুই ব্যক্তিকে তাদের জন্ম শহর পোর্ট সৈয়দে সংগঠিত বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।