উখিয়ায় চেয়ারম্যান পদে দ্বিমুখী লড়াই
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২১:৩১
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১৭ জন প্রার্থীর পদভারে মুখরিত গ্রামীণ জনপদে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ভোটারদের ধারণা মতে, এখানে চেয়ারম্যান পদে দ্বিমুখী ও ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখী ভোটযুদ্ধের আভাস পাওয়া গেছে। অপর তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সমানভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, ৫টি ইউনিয়ন ৩৮টি ভোট কেন্দ্র নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাঞ ৬ হাজারেরও অধিক। এখানে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনীত সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী, নাগরিক পরিষদের সরওয়ার জাহান চৌধুরী, বিএনপি সমর্থিত আবুল কাশেম এম.এ, যুবলীগ নেতা আনিসুল ইসলাম ও আওয়ামী লীগ সমর্থিত আশরাফ জাহান কাজলসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলেও মূলত দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ভোটারদের ধারণা।