নির্বাচনের টুকরো খবর

রায়পুরায় ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে গত ১২ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন, বিএনপি সমর্থিত আবদুর রহমান, একেএম জাহাঙ্গীর, মোঃ নূরুজ্জামান এবং আ’লীগ সমর্থিত আব্দুস ছাদেক। উল্লেখ্য, গত ৫ মার্চ রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। সাতক্ষীরার তিন উপজেলায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার সাতক্ষীরা প্রতিনিধি \ পঞ্চম দফায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে সাতক্ষীরার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনে বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গত বুধবার ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সাতক্ষীরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন, আসাদুজ্জামান বাবু (আ’লীগ), আবদুর রউফ (বিএনপি), মো: হাবিবুর রহমান (জামায়াত), শেখ মনিরুজ্জামান মিঠু (স্বতন্ত্র)। দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন, আবদুল গনি (আ’লীগ), মহিউদ্দিন সিদ্দিকী (বিএনপি), মাহাবুবুল আলম (স্বতন্ত্র)। তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন, ঘোষ সনত্ কুমার (আ’লীগ), ডা: মো: মাহমুদুল হক (জামায়াত), মো: বদরুজ্জামান (১৯ দলের বিদ্রোহী প্রার্থী, বিএনপি)। ত্রিশালে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত বুধবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গত বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন- চেয়ারম্যান পদে নবী নেওয়াজ সরকার, শোভা মিয়া আকন্দ, আবুল কালাম, আব্দুল আউয়াল ফরাজী, ডাঃ মনোয়ার সাদাত ও এনামুল হক, ইঞ্জিনিয়ার সুরুজ আলী। ভাইস চেয়ারম্যান পদে সরকার মোঃ আল নাছের, মাওলানা নজরুল ইসলাম। মংলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ মংলা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী চিংড়ি মাছ প্রতীকের আবু তাহের হাওলাদার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে প্রশাসন এবং ভোটারদের সজাগ থাকার আহবান জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে থানা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, ইব্রাহিম হোসেন, কবির হোসেন, ইকবাল ও নূর আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নরসিংদীর তিন উপজেলায় ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার নরসিংদী প্রতিনিধি \ পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গত বুধবার নরসিংদী সদর, রায়পুরা ও মনোহরদী উপজেলা থেকে ৬ জন চেয়ারম্যান ও ১ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে মনোহরদী উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ সমর্থক মোঃ নাজমুল হক ও ইসলামী ঐক্যজোটের মোঃ হাবিবুর রহমান, রায়পুরা উপজেলা থেকে বিএনপি সমর্থক মোঃ নুরুজ্জামান, একেএম জাহাঙ্গীর আলম ও মোঃ আব্দুর রহমান, আওয়ামী লীগের সমর্থক মোঃ আব্দুস সাদেক। বর্তমানে নরসিংদী সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তামান্না নুসরাত বুবলী এবং বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী ও ইসলামী আন্দোলন আব্দুল ওয়াহাব মোল্লা, স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুল্লাহ বাহার হাবিব। মনোহরদীতে আওয়ামী লীগ মনোনীত সাইফুল ইসলাম খান বীরু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোল্লা জহিরুল ইসলাম মুকুল, বিএনপি’র মনোনীত প্রার্থী মোঃ শাহাদাত্ হোসেন সরকার, বিদ্রোহী প্রার্থী সরদার মোয়াজ্জেম হোসেন, জামায়াত প্রার্থী মোঃ জাকারিয়া, ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ বেলায়েত হোসেন। রায়পুরায় আওয়ামী লীগ মনোনীত মোঃ সামসুল হক, বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান, বিএনপি মনোনীত মোঃ ফজলুর রহমান, বিদ্রোহী প্রার্থী মোঃ গোলাপ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেড়ায় নির্বাচনী হাওয়া বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার বেড়ায় ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা জমে উঠেছে। বেড়েছে প্রার্থীদের কর্মব্যস্ততা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন গণসংযোগে। প্রায় প্রতিদিনই প্রার্থীরা বাজার বা মহল্লা চষে বেড়াচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং সেইসাথে নিজেদের সত্ ও দুর্নীতিমুক্ত রেখে এলাকার উন্নয়ন ও অসহায় মানুষদের সহযোগীতার আশ্বাস দিয়ে সকলের কাছে দোয়া চাইছেন। ফলে এ উপজেলা পরিষদ নির্বাচনী মাঠ ইতিমধ্যই সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা। শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ। মুরাদনগরে আ.লীগ-বিএনপির একক প্রার্থী ঘোষণা কুমিল্লা প্রতিনিধি \ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলার মুরাদনগরে আওয়ামী লীগ এবং বিএনপি থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে আ’লীগ ও বিএনপির পৃথক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, মুরাদনগর উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় চেয়ারম্যান পদে দলের সমর্থিত প্রার্থী হিসেবে বিশিষ্ট শিল্পপতি সৈয়দ কাইয়ুম খসরুর নাম ঘোষণা করেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। আ’লীগ থেকে চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিলেও সমঝোতার ভিত্তিতে স্থানীয় সাংসদ ইউছুফ আব্দুল্লাহ হারুন ও জাহাঙ্গীর আলম সরকার প্রচেষ্টা চালিয়ে দলের তৃণমূলের মতামতের ভিত্তিতে কাইয়ুম খসরুকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন। অপরদিকে বিএনপি থেকে চেয়ারম্যান পদে কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার, ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ইউছুফ হাকিম সোহেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা খোরশেদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বড়াইগ্রামে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ (উড়োজাহাজ)কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত বুধবার ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসিল্যান্ড অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ চত্বরে মিছিল-সমাবেশ করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ শওকাত আলী আবু সাঈদকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। ছাগলনাইয়ায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা\ ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র ১জন, আওয়ামী লীগের ৩জন ও জামায়াতের ১জনসহ মোট ৫জন প্রার্থী গত বুধবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফয়েজ আহাম্মদ ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন ফারুকী। মহিলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস জান্নাত। ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক ও যুবলীগ নেতা মিজানুর রহমান। গফরগাঁওয়ে আশরাফউদ্দিন বাদল আওয়ামী লীগের একক প্রার্থী আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ উপজেলা পরিষদ নির্বাচনে গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন গত মঙ্গলবার রাতে চেয়ারম্যান পদে আশরাফউদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা আক্তারকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বিষয়টি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগকে অবহিত করেছেন। বাগমারায় ৩ পদে ১৯ দলের প্রার্থী ঘোষণা বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ উপজেলা পরিষদ নির্বাচনে অবশেষে রাজশাহীর বাগমারায় তিনটি পদে ১৯ দলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডিএম জিয়াউর রহমান জিয়া, ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা রেজাউল করিম রুবল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেজিয়া বেগমকে ১৯ দলীয় জোটের একক প্রার্থী হিসাবে সমর্থন দেয়া হয়েছে। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সেনবাগে তিন প্রার্থীর জরিমানা সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ ১৫ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলায় তিন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মিল্টন রায়ের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্নস্থানে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মফিজুর রহমানকে (হেলিকপ্টার) ১০ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন বাবলুকে (টিউবওয়েল) ৫ হাজার টাকা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা বেলায়েতকে (কলস) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দৌলতপুরে বিএনপির একাংশের সভাপতিকে দল থেকে বহিষ্কার! দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির একাংশের সভাপতি আলতাফ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় একক প্রার্থী হিসাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলকে মনোনীত করা হয়। অপরদিকে উপজেলা বিএনপির অপর অংশের সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন জেলা ও উপজেলা বিএনপির সিদ্ধান্তকে উপক্ষো করে বিএনপি থেকে নুরুজ্জামান হাবলু মোল্লাকে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে সমর্থন দেয়ায় আলহাজ্ব আলতাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। মুক্তাগাছায় চেয়ারম্যান প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মুক্তাগাছায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকারিয়া হারুন (আনারস) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মর্জিনা আক্তার নির্ধারিত সময়ের আগেই আনারস প্রতীকের পক্ষে প্রচারে মাইক বের করায় এ জরিমানা করেন। লালপুরে নবনির্বাচিতদের সংবর্ধনা লালপুর (নাটোর) সংবাদদাতা \ বুধবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের লারপুরস্থ বাসভবনে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়। লালপুর উপজেলা বিএনপির সভাপতি হাজির উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালপুরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সামসুন নাহার পারুল, বাগাতিপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ে জেলা মহিলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাহমিনা মোল্লা সংবাদ সম্মেলন করে প্রত্যাহারের সিন্ধান্ত নিয়েছে। বুধবার দুপুরে জেলা আ’লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় জেলা আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার, মাহাবুর হোসেন খোকন, দপ্তর সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। সংবাদ সম্মেলনে তাহমিনা মোল্লা জানান, দলের আদর্শ ও সাংগঠনিক সিন্ধান্ত মেনে এ পথ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি। রায়গঞ্জে নয়া উপজেলা চেয়ারম্যান সংবর্ধিত রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভিপি আয়নুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্পন্দন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও জীবন সংগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। গত বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ হলরুমে সংস্থার দু’টির যৌথ আয়োজনে “প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ-সুবিধাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা” শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন জেলার প্রতিবন্ধী নেতৃবৃন্দ। ইউরোপীয় ইউনিয়ন ও ক্যাফোড’র অর্থায়নে স্পন্দন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও জীবন সংগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন-জেলা স্পন্দন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার। মুক্তাগাছায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩ মুক্তাগাছা(ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছার রঘুনাথপুর রৌহাসচর বাজারে গত বুধবার রাতে উপজেলা নির্বাচন নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহত তিনজন হচ্ছেন রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমান, ফজলুল হক ও মোতালেব হোসেন। তারা মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। আহতরা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন সরকারের ঘোড়া প্রতীকের কর্মী। ঘিওরে বিএনপি প্রার্থীর ক্যাম্পে আগুন শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ নির্বাচনের দু’দিন আগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতাবাজারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খন্দকার লিয়াকত হোসেনের নির্বাচনী ক্যাম্পে গতকাল বৃহস্পতিবার ভোরে মোটর সাইকেলযোগে আসা কে বা কারা আগুন দিয়ে কেটে পড়ে। এতে ক্যাম্পের মালপত্র পুড়ে যায়। বাজারের নৈশপ্রহরীর ডাক-চিত্কারে লোকজন এগিয়ে এসে আগুন নিভায়। জেলা উপজেলার নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।