শিক্ষার্থীদের কল্পনাশক্তি বাড়িয়ে সৃজনশীলতা বৃদ্ধি করতে হবে
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২১:৫০
বিশিষ্ট শিক্ষাবিদ, কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, মুখস্ত করার মধ্যে কোন গৌরব নেই; এটা দুর্বলতা, খারাপ দিক। এ দেশের মানুষকে বিশেষ করে শিক্ষার্থীদেরকে কল্পনাশক্তি বাড়িয়ে সৃজনশীলতা বৃদ্ধি করতে হবে। তিনি গত বুধবার বাজিতপুরের ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক দিবস এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ছৈয়ন উদ্দিন আহম্মদ মিলনায়তনে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমানের (মস্তু মিয়া) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাফর ইকবাল আরো বলেন, ব্রেইন ভাল-খারাপ জন্ম থেকে নয়; ব্রেইনকে যত খাটানো যাবে, ততোই ব্রেইন ভালো হবে। একটা দেশের সম্পদ টাকা-পয়সা নয়, একটা দেশের সম্পদ হচ্ছে জ্ঞান। তিনি শিক্ষার্থীদেরকে নিয়মমাফিক গুরুত্বের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনের আহ্বান জানান। সবশেষে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়।