ভালুকায় বখাটের সিগারেটের আগুনে ছাত্রী জখম

ভালুকা উপজেলায় তরিকুল ইসলাম (২২) নামে এক বখাটে জ্বলন্ত সিগারেট দিয়ে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে মারাত্মকভাবে জখম করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার একটি গ্রামে। মাদ্রাসা ও পারিবারিক সূত্র জানায়, ওই গ্রামের আবুল কালামের বখাটে ছেলে তরিকুল ইসলাম ঐ ছাত্রীকে দীর্ঘদিন যাবত্ উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন দুপুরে ঐ ছাত্রী তার মাকে নিয়ে মাদ্রাসা সুপারের কাছে নালিশ করে বাড়ি ফেরার সময় তরিকুল ঐ ছাত্রীকে রাস্তায় ফেলে জ্বলন্ত সিগারেট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ছেকা দেয়। পরে আহত ছাত্রী ও তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঐ মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ছরোয়ার হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। মাদ্রাসা সুপার জানান, বখাটে তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ঐ ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত।