ডাক্তারের ৫৮ পদের ২৩টিই খালি
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২১:৫১
২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে ৫৮টি পদের মধ্যে ২৩টি জুনিয়র ডাক্তারের পদ শূন্য রয়েছে। ৩৫ ডাক্তার নিয়ে চলছে পাবনার ঐতিহ্যবাহী জেনারেল হাসপাতাল। ফলে সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীরা। এছাড়া পর্যাপ্ত বেড না থাকায় ভর্তিকৃত রোগীরাও ভোগান্তি পোহাচ্ছে।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বিশেষ করে মহিলা ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের বারান্দায় ও মেঝেতে থেকে চিকিত্সা নিতে হচ্ছে। জেলার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের রীমা খাতুন জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর বেড না পেয়ে বারান্দায় থেকে চিকিত্সা নিতে হচ্ছে।
একই উপজেলার সাগরকান্দি গ্রামের নার্গিস আরা খাতুন অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ডাক্তাররা নিয়মিত রাউন্ডে আসেন না। চিকিত্সাপত্র অনুযায়ী নার্সরা সেবা দিলেও ডাক্তারদের উপস্থিতি কম। মহিলা মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত নার্সরা জানান, হাসপাতালে রোগীর সংখ্যা দিনে দিনে বাড়লেও পর্যাপ্ত বেড ও ডাক্তার না থাকায় রোগীদের সেবাদানে সমস্যার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার এ ব্যাপারে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মনোয়ারুল ইসলাম জানান, সিনিয়র ডাক্তার থাকলেও তাদের সহয়োগিতার জন্য জুনিয়র ডাক্তার নেই। এ জন্য হাসপাতাল পরিচালনায় বেশ সমস্যা দেখা দিয়েছে। তিনি এ সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারের পদক্ষেপ দাবি করেন।