এশিয়ান গেমস বাছাই হকি
বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২২:২৫
এশিয়া কাপ হকির ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার জন্য শপথ নিয়েছেন জাতীয় হকি দলের খেলোয়াড়রা। পাকিস্তানি কোচ নাভিদ আলম এবং দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন জানিয়েছেন, তারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চান। এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশকে নতুন করে দেখবেন দর্শক।
আগামী শনিবার ঢাকায় শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। এই প্রতিযোগিতায় আট দল খেলবে দুই গ্রুপে। আট দল থেকে ছয় দল যাবে দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস হকিতে। বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠা।
ইসলামী ব্যাংক এশিয়ান গেমস হকির বাছাই পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, শ্রীলংকা, চাইনীজ তাইপে, কাতার। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং চায়না, ইরান। আগামীকাল উদ্বোধন হলেও রবিবার হংকং চায়নার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচ। এটিএন বাংলা উদ্বোধনী অনুষ্ঠানসহ সাতটি ম্যাচ সমপ্রচার করবে বলে জানিয়েছে।
বাংলাদেশ হকি দলের দায়িত্ব নিয়ে পাকিস্তানি কোচ নাভিদ ব্যর্থতা ছাড়া আর কিছুই উপহার দিতে পারেননি। গত বছর আগস্টে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে বাংলাদেশের অবস্থান ছিল আট দেশের মধ্যে সপ্তম। এর জের ধরে হকিতে পাঁচজন খেলোয়াড় সাসপেন্ড হন। দেশি কোচকে জাতীয় দল থেকে সরিয়ে দেয়া হয়। নতুন আনকোরা খেলোয়াড় নিয়ে জাতীয় দল গঠন করে ফেডারেশন।
অধিনায়ক মামুনুর রহমান চয়ন এশিয়া কাপের প্রসঙ্গ ধরে কথা বলতে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এশিয়া কাপের ব্যর্থতায় আমরা দুঃখিত। তবে কথা দিচ্ছি চ্যাম্পিয়ন হবো আমরা এই দল নিয়ে।’ হকি ফেডারেশন জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, বিপ্লব, কামরুজ্জামান রানা, জাহিদ হোসেন এবং ইরান হোসেন পিন্টু এবং জাতীয় দলের বাইরে থাকা আসাদুজ্জামান চন্দনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ তুলে ধরে সাসপেন্ড করে। এসব খেলোয়াড়ের শূন্যতা ভরাট করার বিষয়ে পাকিস্তানি কোচ নাভিদ আলম বলেছেন, ‘তখন সবাই ৪০ ভাগও খেলেনি। এখন সবাই একটা দল। কম্বিনেশন করা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সেরা দল পেয়েছি। ২৩ মার্চের পর আপনারাই ভালো বলবেন। আমরা জাতিকে খুশি করতে পারবো।’
তিনি আরো বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তিনটি বিষয় নিয়ে বর্তমান জাতীয় দলে কাজ করেছি আমরা। সেগুলো হচ্ছে একতা, শৃংখলা এবং বিশ্বাস। এই তিনটি ভিত হিসাবে কাজ করলে বাংলাদেশের খেলা সবার চোখে পড়বে। সাফল্য আসবে।’ হকি ফেডারেশনের সভাপতি ইনামুল বারীও বাংলাদেশের খেলোয়াড়দের উপর আস্থা রাখতে চান। তিনি কাল বিওএতে সংবাদ সম্মেলন শেষে খেলোয়াড়দের সাথে কথা বলেন। ভালো খেলার জন্য প্রেরণা দেন।