বিশ্বকাপকে ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২২:২৭
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সিলেট মহানগরীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্বকাপের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, প্র্যাকটিস গ্রাউন্ড, খেলোয়াড়-কর্মকর্তাদের হোটেল ঘিরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। পুলিশ-র্যাবের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষার কাজে নেমেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সেনা বাহিনী, বিমান বাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অংশগ্রহণে হয়েছে বিশেষ নিরাপত্তা মহড়া। খেলোয়াড়দের বহনকারী একটি বাসে সন্ত্রাসী হামলার প্রতীকী বিষয় নিয়ে এই মহড়া হয়। মহড়ায় দেখা যায়, আক্রমণকারী সন্ত্রাসীদের চারদিকে ঘিরে ফেলে যৌথবাহিনী। শুরু হয় মুহুর্মুহু গুলি। একপর্যায়ে বেশ ক‘জন সন্ত্রাসী নিহত হয় এবং অন্যদের গ্রেফতার করা হয়। অন্যদিকে খেলোয়াড়দের হেলিকপ্টারযোগে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। মহড়া শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে যাতে নিরাপত্তার ন্যূনতম কোন ফাঁকফোকর না থাকে এজন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন।
নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে একটি যৌথসভাও হয়েছে। এতে আইসিসির অফিসিয়াল সিকিউরিটি ম্যানেজার জোহান জেনসেন, বিসিবির নিরাপত্তার দায়িত্বে থাকা ভেন্যু ম্যানেজার লে. কর্নেল (অব.) নজমুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সিলেটের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি দেখে জোহান জেনসেন সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানায় এসএমপি সূত্র।