বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ আজ

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি রেকর্ড দেখলে বেশ ঈর্ষণীয় বলে মনে হওয়াই স্বাভাবিক—৩৪ ম্যাচে তাদের ১৮টি জয়। এই ফরম্যাটে তাদের শুরুটাও হয়েছিল উড়ন্তভাবে; প্রথম চার ম্যাচই জয় দিয়ে শুরু করেছিল আয়ারল্যান্ড। এর মধ্যে চতুর্থ জয়টি ছিল ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষেই। এরপর ২০১২ সালে অবশ্য বাংলাদেশের বিপক্ষে টানা তিন ম্যাচ হারের অভিজ্ঞতাও হয়েছে আইরিশদের। তারপরও আজ মাঠে নামার আগে ২০০৮ সালের সেই জয়কে স্মরণ করে নিশ্চয়ই নামবে আয়ারল্যান্ড। আর বাংলাদেশ চাইবে আরও একবার আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ১৬ তারিখ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসটা সংগ্রহ করে নিতে। আর এই দুই চাওয়া নিয়েই আজ দুপুর দেড়টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর আগেই সকাল ৯:৩০ থেকে একই ভেন্যুতে অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। তবে বাংলাদেশের চোখ থাকবে নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচের দিকে। এই ম্যাচে জয়টা বাংলাদেশের প্রাথমিক চাওয়া হতে পারে, চূড়ান্ত লক্ষ্য নিশ্চয়ই নয়। অ্যাসোসিয়েট দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অনুশীলন ম্যাচে জয়টা আসলে চাওয়া-পাওয়ারও ঠিক ব্যাপার নয়; এটা নিয়মই হওয়ার কথা। বাংলাদেশ বরং এই ম্যাচ থেকে আরও কিছু ব্যক্তিগত পারফরম্যান্সকে সম্বল করতে চাইবে বিশ্বকাপের জন্য। কিন্তু যে পারফরম্যান্স গত কিছুদিন ধরে বাংলাদেশ করছে, তাতে জয়টাই এখন পেতে বেশ পরিকল্পনা করতে হচ্ছে। বিশেষ করে যে আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ কিছু অঘটনের শিকার হওয়ার নজির আছে, তাদের বিপক্ষে জয়টাকে তো আর ‘গ্যারান্টেড’ ধরে নিতে পারে না দল।