শুরুতেই ভারতকে পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২২:২৮
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ নিজেদের প্রথম খেলায় ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে দারুণ উচ্ছসিত বলে জানিয়েছেন। এছাড়াও চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয় পেলে তারা ছন্দে থাকবেন বলেও মত দেন হাফিজ। কারণ এশিয়া কাপে অসাধারণ খেলে শেষ পর্যন্ত ফাইনালে শ্রীলংকার কাছে হেরে যাওয়ায় এই মুহূর্তে দলে ছন্দ থাকাটাকেই গুরুত্বপূর্ণ বলে ভাবছেন তিনি।
বাংলাদেশে শুরু হতে যাওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ২১ মার্চ ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলাটি দিয়ে। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং ২০০৭ সালের রানার্স আপ পাকিস্তান দলের গত রাতেই ঢাকায় এসে পৌছানোর কথা। অপরদিকে ভারত ২০০৭ সালের উদ্ধোধনী আসটিতে চ্যাম্পিয়ন হয়।
হাফিজ তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে আসন্ন লড়াই প্রসঙ্গে বলেন,’ভারতের বিরুদ্ধে জয় পেলে আমরা ছন্দে থাকব। ওদের বিরুদ্ধে আপনি সবসময়ই চাঁপে থাকবেন, গণমাধ্যম কিংবা আপনার দেশ থেকে। তবে যদি আপনি ভাল করতে পারেন তাহলে সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলা। একজন খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে বলব ভারতের বিরুদ্ধে আমাদের প্রথম খেলা হওয়ায় আমি আনন্দিত এবং সেখান থেকে আমরা ভাল করতে চাই।’ পাকিস্তান দল অবশ্য তাদের বিখ্যাত অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ছাড়াই ঢাকায় আসছে। অলরাউন্ডারটি চিকিত্সাধীন থাকায় ১৭ মার্চ দলের সাথে যোগ দিবেন বলে জানানো হয়েছে। এ ব্যাপারে হাফিজ বলেন.’সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এবং অধিনায়ক হিসেবে আমি ফিট আফ্রিদিকে চাই। সেজন্য তাকে সময় দেয়া হয়েছে।’