পানির দাবিতে রংপুরে কৃষকদের সড়ক অবরোধ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:০২
তিস্তা সেচ প্রকল্পে রংপুর খালে পানি না থাকায় জেলায় গতকাল বৃহস্পতিবার ৫ ঘণ্টা সড়ক অবরোধ করেছে কৃষকরা। পাগলাপীর-ডালিয়া সড়ক সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শত শত স্থানীয় কৃষকরা অবরোধ করে রাখে। এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসনের অনুরোধে কৃষকরা অবরোধ তুলে নেয় ।
কৃষকদের অভিযোগ, রংপুর খালে গত ১৫ দিন ধরে কোন পানি না থাকায় এলাকার প্রায় ৪০ হাজার হেক্টর জমির বোরো চাষ ব্যাহত হচ্ছে। পানি না পাওয়ায় ফসলের জমি ফেটে চৌচির হয়ে মরে যাচ্ছে ধানের গুছি। বোরো ক্ষেতকে বাঁচাতে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের কৃষকরা পানির দাবিতে এ সড়ক অবরোধ করে।