অপহরণ ও গুমের সঙ্গে র্যাবের সংশ্লিষ্টতা নেই
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:০৩
র্যাব পরিচয়ে অপহরণ ও গুমের সঙ্গে র্যাবের কোন সংশ্লিষ্টতা নেই। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী র্যাবের লোগো, গাড়ি ও পোশাক ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে অপহরণ করে। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায় না। র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান সাম্প্রতিক র্যাব পরিচয়ে অপহরণ বা নিখোঁজের ব্যাপারে এ দাবি করেছেন।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, র্যাব পরিচয়ে অপহরণ, অপরাধীদের একটি কৌশল মাত্র। এতে জনগণ যেমন বিভ্রান্ত হচ্ছে তেমনিভাবে র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। র্যাবের দৃষ্টিতে অপহরণ হল মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপহূত ব্যক্তিদের উদ্ধারে সর্বদা তত্পর র্যাব। এ পর্যন্ত র্যাব এক হাজার ৫৫১ জন অপহরণকারী আটক এবং ৮৬৯ জন অপহূত ভিকটিম উদ্ধারসহ র্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণসহ অন্যান্য অপরাধে অভিযোগে ৫৫৮ জনকে আটক করেছে।