নিজামীর পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন শুরু
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:১৫
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ গতকাল বৃহস্পতিবার নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন শুরু করেন। যুক্তিতর্ক অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী ১৯ মার্চ মুলতবি করা হয়েছে। এর আগে গত ৩ দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ।
যুক্তি উপস্থাপনকালে আইনজীবী মিজানুল ইসলাম বলেন, নিজামী ১৯৭১ সালে ইসলামী ছাত্রসংঘের প্রধান ছিলেন এটা আমরা অস্বীকার করছি না। তবে তিনি আল-বদর, আল-শামসের সাথে সম্পৃক্ত ছিলেন না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কখনো পাবনায় যাননি। যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতে তিনি জানান, এ মামলার ১ থেকে ১০ এবং ১৫ ও ১৬ নম্বর অভিযোগের বিষয়ে তিনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন। বাকি ১১ থেকে ১৪ নম্বর অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করবেন এ্যাডভোকেট তাজুল ইসলাম।