প্রেস ক্লাবে নারী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নারী মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মাননা জানানোর দাবি

‘একাত্তরে পুরুষ মুক্তিযোদ্ধাদের চেয়ে নারী মুক্তিযোদ্ধাদের অবদান কোন অংশেই কম ছিল না। এখন সময় এসেছে নারী মুক্তিযোদ্ধাদের রাষ্ঠ্রীয়ভাবে সম্মাননা জানানোর।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মুনতাসির মিডিয়া’র উদ্যোগে নারী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন (বীর বিক্রম) এবং হেমায়েত বাহিনীর অধীনে মহিলা কমান্ডার গ্রুপ আশালতা বৈদ্য ও তার সহযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। এ সময় ২৬ জন নারী মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী বাজেটে বরাদ্দ এলে মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকা প্রণয়ন করা হবে। মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের ভিআইপি নাগরিক হিসাবে পরিচয়পত্র দেয়া হবে। যার মাধ্যমে তারা বিনামূল্যে চিকিত্সা সেবা, বাস-ট্রেন-লঞ্চে ভ্রমণে বিশেষ সুবিধা পাবেন।