ফরমালিন আমদানি নিয়ন্ত্রণ আইন দ্রুত প্রণয়নের দাবি এফবিসিসিআইয়ের
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:১৬
অবাধে ফরমালিন আমদানি নিয়ন্ত্রণ আইনের খসড়া দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, খাদ্যে ফরমালিন যারা মেশায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন এ দাবি জানান। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
মন্ত্রী বলেন, ফরমালিনের মত বিষ যারা খাদ্যে মেশায় তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। খাদ্য ফরমালিনমুক্ত করার মত বাংলাদেশের রাজনীতিকেও করতে হবে ফরমালিনমুক্ত। হেলাল উদ্দিন বলেন, এফবিসিসিআই প্রায় দেড় বছর ধরে ফরমালিন আমদানি নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবি জানিয়ে আসলেও এখনো তা হয়নি। যারা খাদ্যে ফরমালিন মেশায় তাদেরকে কঠোর শাস্তি প্রদানের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি আহ্বান জানান ।
অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মুস্তফা আনোয়ার, বনলতা কাঁচা বাজারের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ-সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ১০টি বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা দেয়া হয়।