ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও সরাইল সংবাদদাতা
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:১৯
গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ইসলামাবাদে ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছে। সরাইলের গছিউড়া গ্রাম থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাবার পথে ইসলামাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং হাসপাতালে নেবার পথে আরো ২ জন মারা যায়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতরা হলেন:সিএনজি চালক হাসেম মিয়া (৩৫), গছিউড়া গ্রামের কৃষক শাজাহান (৩৪), তার স্ত্রী রুখসানা (৩০), ছেলে আশরাফুল (১০), মেয়ে স্বপ্না (৮)। তাদের শিশু কন্যা রত্না (৫) অলৌকিকভাবে বেঁচে যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিশ্বরোড হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। হাসপাতালে লাশ আনার পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে। দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হলে আধ ঘণ্টা এ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
মাদারীপুরে দুর্ঘটনায় চালকসহ ৪ নারী শ্রমিক নিহত
মাদারীপুর প্রতিনিধি:বরিশাল-ফরিদপুর মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুরে বুধবার রাতে এক সড়ক দুর্ঘটনায় নছিমনের চালকসহ ৪ নারী শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও ১০ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় মাদারীপুর স্পিনিং জুট মিলের নারী শ্রমিকরা কাজ শেষে নছিমনে করে ঘটকচরের উদ্দেশে যাত্রা করে। এসময় বরিশাল-ঢাকাগামী দ্রুতগামী একটি বাস নছিমনটিকে চাপা দেয়। ফলে নছিমনটি পাশের খাদে পড়ে যায়। এসময় নছিমনচালক শিপন হাওলাদার (২৫), দত্ত কেন্দুয়া গ্রামের হ্যাপী আক্তার (১৮), কেন্দুয়ার কাউয়াকুরী গ্রামের চম্পা আক্তার (১৪) এবং কালকিনি উপজেলার শশীকর গ্রামের শেফালী বেগম (৪০) মারা যায়।
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ ৪ জন নিহত
কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার মুরাদনগর ও বুড়িচংয়ে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার বুড়িচং উত্তরপাড়ায় সকালে রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় মাঈশা (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মাঈশা সদর ইউনিয়নের বুড়িচং উত্তরপাড়া গ্রামের মাসুম মিয়ার মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। অপরদিকে একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই পোস্ট অফিসের সামনে দুপুরে মোটরসাইকেলের দুই আরোহীকে একটি লরি চাপা দিলে তারা ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হচ্ছেন- বুড়িচং উপজেলার কোরপাই খন্দকার বাড়ির জালাল উদ্দিন (৩০) ও জাবেদ (২০)। এছাড়া জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের রামধনীমুড়ায় বিকালে মোটর সাইকেলের ধাক্কায় মাহবুব আলম (৯) নামের এক শিশু নিহত হয়। সে রামধনীমুড়া গ্রামের কাঠমিস্ত্রী আলাউদ্দিনের পুত্র।