ইউক্রেনের পাশে থাকার ঘোষণা ওবামার
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:২১
ইউক্রেনের অখন্ডতা রক্ষায় দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে রাশিয়াকে ক্রিমিয়া আক্রমণের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছে পশ্চিমা বিশ্ব। না হলে এর জন্য কড়া মূল্য দিতে হবে বলে পশ্চিমা বিশ্বের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইউক্রেনের ৬০ হাজার সদস্যের একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার পক্ষে ভোট দিয়েছেন ইউক্রেনের পার্লামেন্টের সদস্যরা। খবর এএফপি ও সিএনএন’র।
মার্কিন প্রেসিডেন্ট বুধবার ইউক্রেনের প্রধানমন্ত্রীকে বলেছেন, রাশিয়ার সঙ্গে বিরোধে ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তিনি রাশিয়ার পুতিনকে হুশিয়ারি দিয়ে বলেছেন, ক্রিমিয়া থেকে রুশ সৈন্য প্রত্যাহার করা না হলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। ওবামা জোর দিয়ে বলেন, আমরা ইউক্রেইনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে দেশটির জনগণের পাশে দাঁড়াব। আগামী রবিবার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া প্রশ্নে ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হবার আগে প্রভাবশালী দেশ থেকে এই হুশিয়ারি আসলো।
ওবামা হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, এই সংকট সমাধানে আরেকটি পথ খোলা রয়েছে। আমরা আশা করছি প্রেসিডেন্ট পুতিন সেই পথটি বেছে নিতেই আগ্রহী হবেন। ওবামা বলেন, তবে যদি তিনি পথটি বেছে না নেন, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আন্তর্জাতিক সমপ্রদায় ইউক্রেন সরকারের পাশে এসে দাঁড়াবে। এ সময় ইয়াতসেনুক তার পাশে ছিলেন। এর আগে ওভাল অফিসে তাদের মধ্যে বৈঠক হয়। ক্রিয়েভের পাশে দাঁড়ানোর জন্য ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে ইয়াতসেনুক বলেন, আাামরা আমাদের মুক্তির জন্য, আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছি। আমার আমাদের সার্বভৌমত্বের জন্য লড়াই করছি। আমরা আত্মসমর্পন করব না। ওয়াশিংটনে বেশ কয়েকটি বৈঠকের পর জাতিসংঘে বৈঠকের জন্য গতকাল ইয়াতসেনুকের নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল গতকাল পার্লামেন্টে বলেছেন, ক্রিমিয়ায় আসন্ন গণভোট অসাংবিধানিক এবং সেখানে রুশ সৈন্যদের অবস্থান ইউক্রেনের সার্বভৌমত্বকে অবজ্ঞা করা সামিল।