ভিসা প্রতারণা
দেবযানীর বিরুদ্ধে মামলা মার্কিন আদালতে খারিজ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:২২
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে আনা ভিসা প্রতারণা মামলা খারিজ করে দিয়েছে মার্কিন আদালত। ১৪ পাতার রায়ে বিচারপতি শিরা স্কেনডিন জানান, চার্জ গঠনের সময় সম্পূর্ণ কূটনৈতিক রক্ষাকবচ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের তত্কালীন ডেপুটি কনসাল জেনারেলের। তবে ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে ফের মামলা করা যেতে পারে বলেও জানিয়েছে আদালত। এছাড়া কূটনৈতিক রক্ষাকবচ না থাকার যে অভিযোগ তুলেছেন দেবযানী, তা অবশ্য মানতে চায়নি মার্কিন আদালত। খবর এএফপি ও এনডিটিভির।
২০১২ অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনস্যুলেট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দেবযানী খোবরাগাড়ে। ভিয়েনা কনভেনশন মেনেই তার কূটনৈতিক রক্ষাকবচ ছিল। পরিচারিকা সঙ্গীতা রিচার্ডের বেতন নিয়ে ভিসায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে, গত বছর ১২ ডিসেম্বর দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার করা হয়। দেহতল্লাশিসহ একাধিক অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। দেবযানীকে কেন্দ্র করে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কে এক তিক্ততার সৃষ্টি হয়। গোটা ঘটনায় নিজেদের অসন্তোষ জানাতে একাধিক কঠোর পদক্ষেপের পাশাপাশি দেবযানী যাতে পূর্ণ রক্ষাকবচ পান, সে জন্য তাঁকে তড়িঘড়ি করে জাতিসংঘের স্থায়ী মিশনে তাকে বদলি করে নয়াদিল্লি। কিন্তু সেই আবেদন দীর্ঘদিন ঝুলে থাকে। এর পর ৯ জানুয়ারি ভারতীয় এই কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। কড়া পদক্ষেপ হিসেবে এক মার্কিন কূটনীতিককেও বহিষ্কার করে ভারত। তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ বরাবরই মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে আসছিলেন দেবযানী। তাঁর আইনজীবী দাবি করেন, মিথ্যা অভিযোগ এবং ভুল তদন্তের সুযোগ নিয়ে নিজের পরিবারের সঙ্গে থাকতে শুরু করেছেন সঙ্গীতা। এ দিনের রায়কে স্বাগত জানিয়েছে ভারত। রায়কে স্বাগত জানিয়ে তাঁদের পরিবারের পাশে থাকার জন্য কেন্দ্র ও দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেবযানীর বাবা।